কলকাতা 

২৫ বছরে ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে রাজ্যকে আদানি গোষ্ঠী!

শেয়ার করুন

রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই বিদ্যুৎ সরবরাহ নিয়ে নয়া সিদ্ধান্ত নিল সরকার। আদানি গোষ্ঠীর থেকে বিদ্যুৎ কিনতে চলেছে। আগামী ২৫ বছরে মোট ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, ক্রয়, সরবরাহের দায়িত্ব নিচ্ছে গৌতম আদানির সংস্থা। সেইমতো চুক্তি হয়েছে বলে সূত্রের খবর। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ নিগম অর্থাৎ রাজ্য সরকারের অধীনস্ত সংস্থার মাধ্যমে গোটা রাজ্যে এই বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব নিচ্ছে আদানি এনার্জি সলিউশনস লিমিটেড (AESL)। এতে বিদ্যুৎ ঘাটতি নিয়ে সমস্যার দ্রুত ও মসৃণভাবে সমাধান হবে বলে আশা রাজ্য সরকারের।

পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ নিগমের সঙ্গে আদানি গোষ্ঠীর এই গাঁটছড়া আসলে সরকারি ও বেসরকারি যৌথভাবে কাজের রাস্তা প্রশস্ত করছে। আদানি এনার্জি সলিউশনস লিমিটেডের তরফে সিইও কন্দর্প প্যাটেল জানান, ‘‘পুনর্ব্যবহারযোগ্য শক্তি অর্থাৎ পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে আমাদের সংস্থা অগ্রণী ভূমিকা নিচ্ছে। গোটা দেশে এই মুহূর্তে তার চাহিদাও তুঙ্গে। পশ্চিমবঙ্গ সরকার WBSEDCL-এর সঙ্গে আমাদের উপর বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব দেওয়ায় আমরা খুশি। এই চুক্তি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কাজের ক্ষেত্র আরও বিস্তৃত হল বলে মনে করছি।”

জানা যাচ্ছে, ২০২৮ সালের জুলাই মাস থেকে প্রথম ধাপে ১৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। দ্বিতীয় ধাপে ২০২৯ সালে আরও ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে রাজ্য। মোট ২৫ বছরে ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হবে রাজ্যজুড়ে। এতে রাজ্যে বিদ্যুতের যেটুকু ঘাটতি আছে, তা সহজে মিটে যাবে বলে আশা। কীভাবে এই বিদ্যুৎ উৎপাদন হবে? ৪.৬ গিগাওয়াট সৌর ও হাওয়াচালিত শক্তি ব্যবহৃত হবে এবং ৩.৬ গিগাওয়াট শক্তি উৎপাদনের কাজ হবে ব্যাটারিচালিত শক্তির মাধ্যমে। উৎপাদনের পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ, স্মার্ট মিটারের কাজও করবে আদানি এনার্জি সলিউশনস লিমিটেড। উৎপাদিত এই বিদ্যুৎ শুধু ঘরে ঘরে নয়, শিল্পক্ষেত্র, বাণিজ্যক্ষেত্র, প্রযুক্তিক্ষেত্রেও ব্যবহার করা যাবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ