ডিলিমিটেশন বিলে সমর্থনের জন্য ১৫০ কোটির প্রস্তাব সাংসদদের! বিস্ফোরক অভিযোগ সঞ্জয় রাউতের
বাংলার জনরব ডেস্ক : লোকসভার আসন পুনর্বিন্যাসের জন্য দুই-তৃতীয়াংশ ভোটের মাধ্যমে ডিলিমিটেশন বিল পাস করাতে হবে লোকসভাতে। কিন্তু ৩৬০ জন সাংসদের সমর্থন পাওয়াটা কঠিন বিষয় হয়ে উঠেছে মোদি সরকারের কাছে! বর্ষাকালীন অধিবেশনে লোকসভায় এই বিল পাস হওয়ার কথা ছিল কিন্তু আশানুরূপ সমর্থন না পাওয়াই সেই বিল লোকসভায় পেশ করা যায়নি। তবে এখনো পর্যন্ত বর্ষাকালীন অধিবেশনের সমাপ্তি ঘোষনা করা হয়নি। যেকোনো দিন লোকসভার অধিবেশন ডাকা হতে পারে। এরই মাঝে মোদি সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে এই দি লিমিটেশন বিল যাতে লোকসভায় পাস করা যায়। এরই মাঝে এই বিল পাস করার জন্য বা সংবিধান সংশোধন করার জন্য সাংসদ পিছু দেড়শ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে বলে চাঞ্চল্যকর ও বিতর্কিত মন্তব্য করেছেন শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত।
শিব সেনার উদ্ধব শিবিরের অন্যতম মুখ রাউত বলছেন, “দিন দুই আগে পর্যন্ত সাংসদদের ১০০ কোটি টাকা করে অফার দেওয়া হচ্ছিল। গত দু’দিনে সেই অফারের অঙ্কটা বেড়ে ১৫০ কোটি হয়েছে। ভাবুন দু’দিনে ৫০ কোটি টাকা বাড়ানো হচ্ছে।” রাউত বলছেন, মহারাষ্ট্রের প্রথম সারির নেতাদের সাংসদ জোগাড় করার কাজ দেওয়া হয়েছে। কিন্তু কোন কোন সাংসদ এই ধরনের অফার পেয়েছেন, সেটা প্রকাশ্যে আনেননি রাউত। উলটে তিনি বলছেন, “যদি মহারাষ্ট্রের কোনও বিরোধী সাংসদ এই বিলকে সমর্থন করেন, তাহলে মাথায় রাখবেন এই ১৫০ কোটি টাকার অঙ্কটা।” প্রশ্ন হল, সঞ্জয় রাউতের কাছে আদৌ এই অভিযোগের কোনও প্রমাণ আছে তো?
আসন পুনর্বিন্যাস বিল পাশের জন্য প্রয়োজন সংবিধান সংশোধনী। সেখানে সংখ্যাগরিষ্ঠতায় কাজ হবে না, চাই দুই-তৃতীয়াংশ সমর্থন। লোকসভায় সংখ্যাটা ৩৬২। ১৭ এপ্রিল লোকসভায় ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটিতে দুই তৃতীয়াংশ অর্থাৎ ৩৬২-র ধারে কাছে পৌঁছতে পারেনি বিজেপি। ২৯৪-এ থামতে হয়েছিল। কিন্তু এবার গেরুয়া শিবির মরিয়া। সেইজন্য সময় নিয়ে রীতিমতো ঘর গুছিয়েই ভোটাভুটিতে নামছে গেরুয়া শিবির। তাদের নানা কৌশলে এই সাত মাসে প্রকাশ্যে এনডিএর শক্তি যেমন বেড়েছে, তেমন সাংসদ সংখ্যা অনেকটাই কমেছে ইন্ডিয়া শিবিরের।
তৃণমূল ভেঙে ২০ সাংসদ ও শিব সেনার উদ্ধব শিবিরের ৬ জুড়ে এনডিএ শিবিরের সংখ্যাটা এই মুহূর্তে ৩১৯। তবে এখনও কাঙ্ক্ষিত সংখ্যার চেয়ে সেটা অনেক দূরে। তামিলনাড়ুর বিধানসভা ভোটে হারের পর কংগ্রেস পাশ থেকে সরে যেতেই বিজেপির দিকে ঝুঁকেছেন স্ট্যালিন। তিনি কংগ্রেসের ‘বিশ্বাঘাতকতা’র শোধ নিতে চান।
অন্যদিকে শরদ পাওয়ার কন্যাকে কেন্দ্রীয় মন্ত্রী করার টোপও দেওয়া হয়েছে। ফলে তাঁর এনসিপিও শাসক শিবিরে যোগ দিতে পারে বলে খবর। তাতেও অবশ্য পর্যাপ্ত সংখ্যা জুটছে না। এর বাইরেও ক্রসভোটিংয়ের আশায় গেরুয়া শিবির। এসবের মধ্যেই বিস্ফোরক ওই অভিযোগ করলেন রাউত।

