কলকাতা 

চার রাজ্যে একযোগে হানা দিল্লি পুলিশের, জামতাড়া গ্যাং-সহ ২২ সাইবার প্রতারক গ্রেফতার

শেয়ার করুন

এস রোজলিন: কলকাতা: দেশজুড়ে সাইবার প্রতারণার এক বড় নেটওয়ার্ক ভেঙে দিল দিল্লি পুলিশ। সাইবার অপরাধ দমন শাখার বিশেষ অভিযানে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তরপ্রদেশে একসঙ্গে তল্লাশি চালিয়ে জামতাড়া গ্যাং-সহ একটি বড় সাইবার অপরাধ চক্রের ২২ জন মূল অপারেটরকে গ্রেফতার করা হয়েছে।

দিল্লি পুলিশের দাবি, এটা কোনও বিচ্ছিন্ন প্রতারণা ছিল না। পুরো চক্রটি চলত অত্যন্ত সংগঠিতভাবে, অনেকটা কোনও সংস্থার মতো কাজ ভাগ করে। একদল ছিল যারা ক্ষতিকর এপিকে ফাইল তৈরি করত। দেখতে সাধারণ অ্যাপের মতো হলেও ফোনে ইনস্টল করলেই ব্যাঙ্কের তথ্য, ওটিপি, মেসেজ সবকিছু হাতিয়ে নিত সেই অ্যাপ। ধৃতদের মধ্যে এমন দু’জন মূল এপিকে ডেভেলপারও রয়েছেন। আরেক দল ছিল যারা এই ভুয়ো অ্যাপের লিংক ছড়িয়ে দিত। ব্যাঙ্কের নামে, কেওয়াইসি আপডেটের নামে কিংবা বিদ্যুৎ বিল বাকি রয়েছে বলে ভুয়ো মেসেজ পাঠানোই ছিল তাদের কাজ। আর তৃতীয় দলটি ফোন করে মানুষকে ফাঁদে ফেলত। লিংকে ক্লিক করাতে বাধ্য করত, তারপর সুযোগ বুঝে অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিত।

অভিযুক্তদের কাছ থেকে ব্যাঙ্ক গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের বিশাল ডেটাবেস উদ্ধার হয়েছে। নাম, ফোন নম্বর, অ্যাকাউন্ট সংক্রান্ত নানা তথ্য সবকিছুই ছিল তাদের হাতে। সেই ডেটাবেস ব্যবহার করেই টার্গেট করে করে মেসেজ ও লিংক পাঠাত তারা। পুলিশের মতে, জামতাড়ার নাম সাইবার প্রতারণার সঙ্গে জড়িয়ে গেলেও এখন এই চক্র আর শুধু এক জায়গায় সীমাবদ্ধ নেই। পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশে ছড়িয়ে পড়েছে তাদের নেটওয়ার্ক। তাই চার রাজ্যে একসঙ্গে অভিযান চালাতে হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরা করে আরও অনেকের নাম পাওয়া গেছে। এই চক্রের বাকি সদস্যদের ধরতে তদন্ত চলছে। উদ্ধার হওয়া ডেটাবেস পরীক্ষা করে দেখা হচ্ছে, আর কত মানুষ প্রতারণার শিকার হয়েছেন এবং মোট কত টাকা হাতানো হয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ