কলকাতা 

ধর্মান্তরকরণ রুখতে এবার বাংলায় কড়া নজর, রোডম্যাপ তৈরি করল বিজেপি

শেয়ার করুন

এস রোজলিন ,কলকাতা: দেশের বিভিন্ন প্রান্তে হিন্দুদের খ্রিস্টধর্মে ধর্মান্তরকরণের অভিযোগকে কেন্দ্র করে এবার নড়েচড়ে বসল বিজেপির শীর্ষ নেতৃত্ব। পশ্চিমবঙ্গও যে এই অভিযোগ থেকে বাদ যাচ্ছে না, তা মাথায় রেখেই এবার বাংলার দিকে বিশেষ নজর দিতে চাইছে দল। বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের মতো বাংলাতেও কোনওভাবেই ধর্মান্তরকরণের ঘটনা ঘটতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির।

এই লক্ষ্যেই বৃহস্পতিবার দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন নিজে উদ্যোগী হয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। বিজেপি শাসিত সব রাজ্যের আদিবাসী এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ বিষয়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। ধর্মান্তরকরণ কীভাবে রোখা যাবে, কোন পথে এগোলে আদিবাসী ও অনগ্রসর এলাকায় এই প্রবণতায় রাশ টানা যাবে, তা নিয়েই বৈঠকে দীর্ঘ আলোচনা হয়।

সেই আলোচনা থেকেই তৈরি হয়েছে একটি রোডম্যাপ।দলীয় সূত্রের দাবি, মূল বৈঠকের ফাঁকেই পশ্চিমবঙ্গের আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি দুই মন্ত্রী ক্ষুদিরাম টুডু ও বিশাল লামার সঙ্গে আলাদা করে কথা বলেন বিজেপি সভাপতি। রাজ্যের আদিবাসী অধ্যুষিত এলাকার সার্বিক বিকাশের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারি স্তরে যে সব পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে, সেগুলির দ্রুত রূপায়ণের নির্দেশ দেন তিনি।

একই সঙ্গে ওই সব এলাকার মানুষের সঙ্গে দলীয় কর্মীদের নিয়মিত জনসংযোগ বজায় রাখার উপরেও জোর দেন নীতিন। বিশেষ করে আদিবাসী এলাকাগুলিতে শিক্ষা পরিকাঠামোর উন্নয়নের বিষয়টিকে তিনি অগ্রাধিকার দিতে বলেছেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ