পানিহাটিতে ‘অন্তর্দলীয়’ সংঘর্ষে মৃত্যু বিজেপি নেত্রীর স্বামীর! মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইলেন বিধায়ক রত্না দেবনাথ!
বাংলার জনরব ডেস্ক : বিজেপির দলীয় কর্মীদের মধ্যে গন্ডগোল থামাতে গিয়ে প্রাণ হারালে এক কর্মী। এই ঘটনায় সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ দাবি করলেন স্থানীয় বিধায়ক রত্না দেবনাথ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে।
পানিহাটি-১ মণ্ডলের বিজেপি যুব মোর্চার সভাপতির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে খবর, শনিবার এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় প্রতিবাদ করেছিলেন বিজেপির পানিহাটি-১ মণ্ডলের সম্পাদক রুমা সাহা। অভিযোগ, তার পরে বিজেপি নেত্রীকে গালিগালাজ করেন তাঁর দলেরই কয়েক জন কর্মী। স্ত্রীকে অপমানের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হন রুমার স্বামী অরূপ সাহা। তিনিও বিজেপির সক্রিয় কর্মী।
অভিযোগ, একদল যুবকের আক্রমণে জখম এবং অসুস্থ হয়ে পড়েন অরূপ। তাঁকে শনিবার রাতে সাগর দত্ত মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু রবিবার সকলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত বিজেপি কর্মীর স্ত্রীর অভিযোগ, তৃণমূল থেকে বিজেপিতে আসা লোকেরা এই হামলা চালিয়েছেন।
ওই ঘটনাকে কেন্দ্র করে রবিবার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানান পানিহাটির বিধায়িক রত্না। বিজেপির উত্তর কলকাতা শহরতলির সভাপতি চণ্ডীচরণ রায়ের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তুলে দলের অভ্যন্তরীণ সমন্বয় নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
মৃত অরূপের স্ত্রী জানান, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে কাঁকিনাড়ার দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথে বাজারে কয়েক জন যুবককে একটি দোকানের সামনে বচসা করতে দেখে তাঁদের ডেকে কী হয়েছে জানতে চান। অশান্তি মিটিয়ে সকলকে বাড়ি যেতে পরামর্শ দেন। পরে বিধায়ককে বিষয়টি আশ্বাসও দেন। কিন্তু তিনি বাড়ি ফেরার খানিক পরে পরে গন্ডগোল হচ্ছে বলে ফোন আসে। আবার ঘটনাস্থলে যান তিনি। সঙ্গে তাঁর স্বামীও ছিলেন। রুমা বলেন, ‘‘ওখানে রাজদীপ, রাজা তহশিলদার, সুরজিৎ বিশ্বাস ওরফে ননী-সহ প্রায় ৪০-৫০ জন যুবককে দেখতে পাই। তাঁদের মধ্যে নির্মল ঘোষের অনুগামীরাও ছিলেন। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে পায়েল ও রাজা তহশিলদার আমার দিকে তেড়ে আসেন। আমার স্বামী তাই দেখে প্রতিবাদ করেন। তখন রাজা তহশিলদার-সহ কয়েকজন ওর বুকে ধাক্কা মেরে সরিয়ে দেন।’’ রুমার দাবি, তাঁকেও হুমকি দেওয়া হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে তিনি থানায় ফোন করেন। কিন্তু থানার আইসি তাঁকে পুলিশ কমিশনারেটে ফোন করতে বলেন। পরে স্বামীকে নিয়ে বাড়ি ফেরেন তিনি। রুমার কথায়, ‘‘বাড়িতে ফেরার পর অরূপের চোখ-মুখ উল্টে যায়। কথা বলার মতো শক্তিও ছিল না।’’
বিজেপি নেত্রীকে সান্ত্বনা জানাতে গিয়ে ক্ষোভ উগরে দেন রত্না। তাঁর অভিযোগ, ‘‘পানিহাটির বিভিন্ন ওয়ার্ডে জেলা সভাপতি চণ্ডীচরণ রায় নিজের পছন্দমতো আহ্বায়ক নিয়োগ করেছেন। তাঁদের মধ্যে অধিকাংশই তৃণমূল থেকে বিজেপিতে আসা।’’
বিধায়কের অভিযোগ, তৃণমূল থেকে বিজেপি-তে আসা লোকজনই এলাকায় অশান্তির সৃষ্টি করছেন। তিনিও পানিহাটি মণ্ডল-১-এর যুব সভাপতি এবং ১৪ নম্বর ওয়ার্ডের নেতার দিকে আঙুল তুলেছেন। শুধু তা-ই নয়, বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন রত্না। তিনি বলেন, ‘‘পানিহাটির ২৯টি ওয়ার্ডেই আলাদা করে লোক বসানো হয়েছে। অথচ তাঁদের সঙ্গে জেলা সভাপতির কোনও সমন্বয় নেই।’’ বিধায়কের অভিযোগ, তাঁকে ‘সহ্য করতে পারেন না’ চণ্ডীচরণ। তা ছাড়া ভোটের ফলের পর যাঁরা বিজেপিতে এসেছেন, তাঁদের দলে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

