মোবাইল ল্যাপটপের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে নাজেহাল ভারতের অর্থনীতি!
মোবাইল ফোন এবং ল্যাপটপের দাম বৃদ্ধিতে ভারতে তীব্র হয়েছে ডিজিটাল পণ্যের মুদ্রাস্ফীতি। ভোগ্যপণ্যের সামগ্রিক তালিকাতেও ছড়িয়ে পড়েছে মূল্যবৃদ্ধির চাপ। অক্টোবর মাসে ডিজিটাল পণ্যের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি দ্রুতগতিতে বেড়েছে। মোবাইল ফোন, ল্যাপটপ এবং অন্যান্য বৈদ্যুতিন যন্ত্র বা ডিভাইসের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। একই সময়ে ভারতের সামগ্রিক ভোগ্যপণ্যের ঝুড়িতেও মূল্যবৃদ্ধির চাপ পড়েছে বলে উঠে এসেছে খবরে।
সংবাদমাধ্যম ‘মানিকন্ট্রোল’-এর একটি বিশ্লেষণ অনুযায়ী, মোবাইলের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি সেপ্টেম্বর মাসের ৫.৮৩ শতাংশ থেকে বেড়ে অক্টোবর মাসে ৮.৬৫ শতাংশে পৌঁছেছে। অন্য দিকে, ব্যক্তিগত কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট এবং সংশ্লিষ্ট যন্ত্রাংশের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি ৬.৪৬ শতাংশ থেকে বেড়ে ৮.৬১ শতাংশ হয়েছে। এই মূল্যবৃদ্ধি বছরের শুরুর পরিস্থিতির ঠিক বিপরীত। বছরের শুরুতে মোবাইল হ্যান্ডসেটের দাম আগের বছরের তুলনায় ২.৩১ শতাংশ কমেছিল এবং জানুয়ারি মাসে কম্পিউটার-ল্যাপটপের ক্ষেত্রে ১.১২ শতাংশ মূল্যহ্রাস দেখা গিয়েছিল। ডেটা সেন্টারের চাহিদা বৃদ্ধি এবং ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার কারণে মেমোরি চিপের খরচ বেড়ে যাওয়ার কারণেই ডিজিটাল পণ্যে মুদ্রাস্ফীতি দেখা গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
ডিজিটাল পণ্যগুলির মধ্যে পেন ড্রাইভ এবং এক্সটার্নাল হার্ড ডিস্কের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। এগুলির ক্ষেত্রে মুদ্রাস্ফীতি সেপ্টেম্বর মাসের ১৯.২৬ শতাংশ থেকে বেড়ে অক্টোবর মাসে ২২.০৩ শতাংশে পৌঁছেছে। টেলিভিশনের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি ০.৭৬ শতাংশ থেকে বেড়ে ৪.৯৪ শতাংশ হয়েছে। এ ছাড়া হেডফোন, ইয়ারফোন এবং ব্লুটুথ ডিভাইসের দাম আগের বছরের তুলনায় ২.৬৭ শতাংশ বেড়েছে, যা সেপ্টেম্বর মাসে ছিল ১.৭১ শতাংশ। তবে, ডিজিটাল পরিষেবার ক্ষেত্রে মূল্যবৃদ্ধির চাপ কিছুটা কম। ইন্টারনেট খরচে মুদ্রাস্ফীতির পরিমাণ ০.৫০ শতাংশ, যা তুলনামূলক ভাবে কম। অনলাইন স্ট্রিমিং পরিষেবার ক্ষেত্রে মুদ্রাস্ফীতি ২.০৩ শতাংশে অপরিবর্তিত রয়েছে।
এ দিকে, ভোগ্যপণ্যের ঝুড়িতেও মূল্যবৃদ্ধির চাপ রয়েছে।

