কলকাতা 

ভাইফোঁটার সকালে কলকাতা বিমানবন্দরে হাইজ্যাক আতঙ্ক, আইসোলেশন বে-তে এয়ার ইন্ডিয়ার বিমান

শেয়ার করুন

এস রোজলিন:কলকাতা: ভাইফোঁটার সকালে কলকাতা বিমানবন্দরে হাইজ্যাক অ্যালার্ট। এয়ার ইন্ডিয়ার ওই বিমান উড়ে যাওয়ার আগে পাইলটের কাছে একটি সতর্কবার্তা আসে। সেই বার্তার পরে হইচই পড়ে যায় বিমানবন্দরে। যাত্রীবাহী ওই বিমানটিকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় আইসোলেশন বে-তে। সেখানেই তল্লাশি শুরু হয়েছে বলে খবর। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বিমানে থাকা যাত্রীদের মধ্যে। আতঙ্ক দেখা গিয়েছে বিমানবন্দরেও।

এদিন সকালে কলকাতা বিমানবন্দর থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ৯২ জন যাত্রী নিয়ে ওই বিমানটি মুম্বই উড়ে যেত। যাত্রীরাও বিমানে আসনগ্রহণ করে নিয়েছিলেন। চালক বিমান ওড়ানোর অপেক্ষায় ছিলেন। সেসময় এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে একটি বিশেষ বার্তা পাইলটের কাছে আসে। জানানো হয়, হাইজ্যাক অ্যালার্ট রয়েছে ওই বিমানে।প্রাথমিকভাবে জানা যায়, বিমানের শৌচাগারের আয়নায় হাইজ্যাক সংক্রান্ত কিছু লেখা রয়েছে। বিমানে পাওয়া গিয়েছে চিরকুট! এরপরই ওই উড়ান সাময়িক বাতিল করা হয়। নির্দেশ অনুসারে বিমানটিকে আইসোলেশন বে-তে সরিয়ে নিয়ে যান চালক। বিমানে থাকা যাত্রীদেরও নামিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়।

ঘটনায় যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। চোখে-মুখে তাঁদের আতঙ্ক দেখা যায়।আইসোলেশন বে-তে নিয়ে যাওয়ার পর শুরু হয় তল্লাশি। কীভাবে ওই হুমকি চিরকুট বিমানে এল? নিরাপত্তার ফাঁক গলে কীভাবে সম্ভব? সেই প্রশ্ন উঠেছে। কোনও হুমকি রয়েছে নাকি নিছক মজা? সেই বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে এই খবর লেখা পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ