কলকাতা 

ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা! এবার জন্ম হলো ‘আকভান’ এর ! বাংলায় প্রভাব পড়বে?

শেয়ার করুন

অর্ণব’, ‘মুরাসু’র পর ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা! নভেম্বরের মাঝামাঝি সমুদ্রের বুকে নতুন করে শক্তি সঞ্চয় করতে পারে একটি ঘূর্ণাবর্ত। সব ঠিক থাকলে সেটি নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে। এমনকী ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদদের একাংশ। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘আকভান’। যদিও বাংলায় তার কতটা প্রভাব পড়বে, তা এখনও নিশ্চিত নয়। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে দক্ষিণ-পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার প্রভাবেই বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার প্রবল বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বুধবার অর্থাৎ ভাইফোঁটার সকাল থেকেই মুখভার আকাশের। রয়েছে হালকা শীতের আমেজ। তার মধ্যেই জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। হাওয়া অফিস সূত্রে খবর, বিকেলের দিকে বাড়তে পারে বৃষ্টি। এদিন বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৬ শতাংশের আশেপাশে থাকবে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা যথাক্রমে ৩০ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

অর্থাৎ গতকালের তুলনায় সামান্য হলেও নেমেছে পারদ। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার ও বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজবে উত্তরবঙ্গের জেলাগুলিও।

উল্লেখ্য, ক্যালেন্ডার বলছে নভেম্বর। বেশ কিছুদিন ধরেই ভোর ও রাতে শিরশিরানি অনুভূত হচ্ছে। পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা স্বাভাবিকভাবেই অনেকটা নেমেছে। তার মাঝে এই বৃষ্টিতে বিরক্ত বাংলার মানুষ। এবার কড়া রোদের সঙ্গে চুটিয়ে শীত উপভোগ করতে চাইছেন সকলেই। তবে একের পর এক ঘূর্ণাবর্তের খবরে সকলের মনেই প্রশ্ন, এবার কি শীতের আনন্দ মাটি করে দেবে বৃষ্টি? উত্তর এখনও অজানা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ