‘টিভিতে বাবরি ভেঙে পড়তে দেখে অঝোরে কেঁদেছিলাম’ আত্মজীবনীতে লিখেছেন সোনিয়া
বাংলার জনরব ডেস্ক : শতাব্দী প্রাচীন বাবরি মসজিদ ধ্বংসের সময় প্রচন্ড কান্নাকাটি করেছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। প্রকাশিত হয়েছে সোনিয়া গান্ধীর আত্মজীবনী। সেই আত্মজীবনীতে তিনি এ কথা জানিয়েছেন।।
তিনি বলেছেন,বিজেপির আমলে যেভাবে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে, তাতে দেশের সার্বিকভাবে সমূহ ক্ষতি হয়েছে বলে দাবি সোনিয়া গান্ধীর। বাবরি মসজিদ ধ্বংসের পুরনো স্মৃতি উসকে সোনিয়া বললেন, ‘টিভিতে বাবরি ভেঙে পড়তে দেখে অঝোরে কেঁদেছিলাম।’
১৯৯২ সালের ৬ ডিসেম্বর। ভারতের ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ দিন। ভিএইচপি, বিজেপি এবং শিব সেনার সমর্থকরা চড়াও হয়ে গুড়িয়ে দেয় বাবরি মসজিদের বিতর্কিত কাঠামো। শুরু হয় রক্তক্ষয়ী দাঙ্গা। প্রায় দু’হাজারের বেশি মানুষের প্রাণ যায় এই দাঙ্গায়। সেদিন অযোধ্যায় উপস্থিত ছিলেন বিজেপি-বিশ্ব হিন্দু পরিষদ, শিব সেনার একেবারে শীর্ষস্তরের নেতারা। বাবরি ধ্বংসের সেই মুহূর্তে ভারতের রাজনীতিকে চিরতরে বদলে দিয়েছে।
সোনিয়ার ওই মন্তব্যে পালটা দিয়েছে বিজেপিও। গেরুয়া শিবিরের জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী বলছেন, “সোনিয়া গান্ধী বাবরি মসজিদ নিয়ে এখন চোখের জল ফেলছেন। বাটলা হাউস নিয়ে চোখের জল ফেলছেন। তিনি প্রমাণ করে দিয়েছেন, কংগ্রেস বাবরপন্থী, ভগবান রামের বিরোধী।” তাঁর সাফ কথা, “বিজেপি আমলে সনাতনীদের জাগরণ সহ্য হচ্ছে না সোনিয়ার। ইটালির চশমা খুলে রাখলে তিনি দেখতে পাবেন, ভারত কীভাবে এগিয়ে চলেছে।”

