দেশ 

মরার উপর খাড়ার ঘা! কেরলে খুলছে জ্ঞানেশের ফাইল! আরো বিপাকে মুখ্য নির্বাচন কমিশনার

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যখন সমগ্র দেশ জুড়ে আন্দোলন সংঘটিত হচ্ছে ঠিক তখনই কুড়ি বছর আগের এক মামলা নতুন করে তাঁর বিরুদ্ধে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কেরল সরকার। আর এতেই বিপাকে পড়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার।

২০০৬ সালের ঘটনা। কেরলে তখন ভি এস অচ্যুতানন্দনের নেতৃত্বে বামপন্থী সরকার। জ্ঞানেশ কুমার সেসময় কেরলের পূর্ত দফতরের সচিব। মালয়েশিয়ার সংস্থা পাটি-বেল কেরলে ২৫৪ কিলোমিটার দীর্ঘ একটি সড়কের বরাত পায়। অভিযোগ, রাস্তা শেষ হওয়ার পর সামান্য অনিয়মের অভিযোগ তুলে টাকা আটকে দেয় কেরল সরকার। ওই সংস্থার চিফ ইঞ্জিনিয়ার ছিলেন কি শি বিন। তিনি বিস্তর চেষ্টা চরিত্র করেও সরকারের থেকে অর্থ আদায়ে ব্যর্থ হন। অভিযোগ ওঠে, ওই টাকা মেটানোর জন্য তাঁর কাছে ঘুষ চাওয়া হয়েছিল।

পরে আচমকা ওই ইঞ্জিনিয়ার আত্মহত্যা করেন। অভিযোগ, নিজের সুইসাইড নোটে তিনি তৎকালীন পূর্ত সচিব জ্ঞানেশের নাম লিখে গিয়েছিলেন। তারপরই জ্ঞানেশের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। বাম সরকার সেসময় ভিজিল্যান্সকে তদন্তের ভার দেয়। যদিও কিছুদিন বাদেই অজ্ঞাত কারণে সেই তদন্ত বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি কেরলের এক কংগ্রেস নেতা ফের সেই ফাইল খোলার আবেদন জানান। তাঁর আবেদনের ভিত্তিতেই নতুন করে জ্ঞানেশের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে কেরল সরকার। সে রাজ্যের পুলিশ মন্ত্রী রমেশ চেন্নিথালা জানিয়েছেন, ২০ বছরের পুরনো সেই ফাইল খোলার নির্দেশ দেওয়া হয়েছে।

জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার হওয়ার সুবাদে সাংবিধানিক রক্ষাকবচ পান। যার অর্থ, নির্বাচন কমিশনার থাকাকালীন তাঁর নেওয়া কোনও সিদ্ধান্তের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মামলা করা যাবে না। কিন্তু সেটার মানে এই না যে অন্য কোনও অপরাধেও তিনি শাস্তি পাবেন না। নির্বাচন কমিশনারের দায়িত্বের বাইরে তিনি কোনও অপরাধ করে থাকলে সেই অপরাধের জন্য তাঁর বিরুদ্ধে তদন্ত করা যেতেই পারে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ