জেলা 

গরু চোর সন্দেহে গণপিটুনির পর পুড়িয়ে খুন রাস্তায়, শিলিগুড়ির ঘটনায় চাঞ্চল্য! তদন্তে পুলিশ

শেয়ার করুন

গরুপাচার করা হচ্ছে সন্দেহে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি শহর সংলগ্ন মাটিগাড়া-বাগডোগরা এলাকা। অভিযোগ, সন্দেহভাজনদের গণপিটুনি দেওয়া হয়। তার পরে দু’টি গাড়িতে আগুন ধরানো হয়। সন্দেহভাজন এক জনকে আগুনে পুড়িয়ে মারা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় আরও এক জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খবর পেয়ে মাটিগাড়া ও বাগডোগরা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের দাবি, শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি, বাগডোগরা ও মাটিগাড়া এলাকায় বেশ কিছু দিন ধরে রাতে দামি গাড়িতে করে গবাদিপশু পাচার করা হচ্ছিল। অভিযোগ, শনিবার ভোরে মাটিগাড়া থানার তারাবাড়ি এলাকার বালাসন নদীর কাছে একটি গাড়িকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই বহু মানুষ সেখানে জড়ো হয়ে গাড়িটিকে ঘিরে ফেলেন। তার পরে গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। গাড়ির সওয়ারিদের টেনে বার করে মারধর করা হয় বলে অভিযোগ। তার পরে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

অভিযোগ, গণপিটুনির পর এক ব্যক্তিকেও সেই গাড়ির সঙ্গেই পুড়িয়ে দেওয়া হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। একটু দূরে আরও একটি গাড়িতে আগুন লাগানো হয় বলে অভিযোগ। ওই ঘটনায় আরও এক আহতকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয়দের দাবি, পরিস্থিতির সুযোগ নিয়ে গাড়িতে থাকা অন্য কয়েক জন সেখান থেকে পালিয়ে যান। গাড়িতে কত জন সওয়ারি ছিলেন, তা স্পষ্ট নয়। গাড়ি থেকে গরু মিলেছে কি না, তা-ও স্পষ্ট নয়।

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের এলাকায় বসানো সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনায় যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ