রাজ্যে দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন মিটতে না মিটতেই ১৬ অক্টোবর হবে রাজ্যসভার অন্তর্বর্তী নির্বাচন
রাজ্যে দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন মিটতে না মিটতেই হবে রাজ্যসভার অন্তর্বর্তী নির্বাচন। তা-ও দুর্গাপুজোর মধ্যেই। তৃণমূলের প্রাক্তন সাংসদ কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া আসনের জন্য ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ১৬ অক্টোবর, দুর্গাষষ্ঠীর দিনে ওই আসনের অন্তর্বর্তী নির্বাচন হবে।
বিধানসভা ভোটে তৃণমূল ধরাশায়ী হওয়ার পর রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিতে শুরু করেন একের পর এক সাংসদ। গত ১৬ জুলাই রাজ্যসভার সাংসদ পদ ছাড়েন কোয়েলও। তাঁর আগে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইকও রাজ্যসভার সাংসদ পদ ছাড়েন। পরে তিন জনকেই আবার রাজ্যসভায় পাঠায় বিজেপি। সুখেন্দুদের মতো কোয়েলকেও বিজেপি রাজ্যসভায় পাঠাবে কি না, তা নিয়ে আলোচনা-গুঞ্জন শুরু হয় অভিনেত্রীর ইস্তফার সময় থেকেই।
গত ফেব্রুয়ারিতে রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয়, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীর সঙ্গে রাজ্যসভার প্রার্থী হিসেবে অভিনেত্রী কোয়েলের নামও ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গের তৎকালীন শাসকদল তৃণমূল। গত মার্চে ভোট হয়েছিল রাজ্যসভায়। সেই থেকেই তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন। তার পর থেকে এক বারও সংসদের কোনও অধিবেশনে যোগ দেওয়া হয়নি কোয়েলের। চলতি বছরের বাদল অধিবেশনই তাঁর প্রথম অধিবেশন হতে পারত। কিন্তু তার আগেই সাংসদ পদে ইস্তফা দেন কোয়েল।
গত ১৬ জুলাই দিল্লিতে গিয়ে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করেন অভিনেত্রী তথা সাংসদ। তাঁর কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন। সাংসদ পদে ইস্তফা দেওয়ার পর পরই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন তিনি। ওই সাক্ষাতের জেরে গুঞ্জন আরও বৃদ্ধি পায়।

