পুলিশ সেজে দিল্লির এক পার্কে কিশোরীর উপরে নির্যাতন চালালেন তিন অভিযুক্ত!
ফের গণধর্ষণের অভিযোগ উঠল দিল্লিতে। এ বার পুলিশ সেজে দিল্লির এক পার্কে কিশোরীর উপরে নির্যাতন চালালেন তিন অভিযুক্ত। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দিল্লির কালকাজি মন্দির সংলগ্ন এক পার্কে। ঘটনায় জড়িতদের খোঁজে রাতেই অভিযানে নামে পুলিশ। তল্লাশির সময়ে মঙ্গলবার ভোরে এক অভিযুক্তের সঙ্গে গুলির লড়াইও হয় পুলিশের। শেষে তাঁকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।
পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ১৭ বছর বয়সি ওই কিশোরী তার বন্ধুর সঙ্গে কালকাজি মন্দিরে পুজো দিতে গিয়েছিল। বন্ধুও নাবালক। সন্ধ্যা ৭টা নাগাদ মন্দিরে পুজো দেয় তারা। তার পরে মন্দিরের কাছেই একটি পার্কে গিয়ে বসে দু’জনে। সে সময়ে পুলিশের পরিচয়ে তিন যুবক ওই কিশোর-কিশোরীর কাছে যান। অভিযোগ, সেখানেই ভয় দেখিয়ে কিশোরীকে গণধর্ষণ করেন তিন যুবক।
পরে রাত পৌনে ৯টা নাগাদ দিল্লি পুলিশের কাছে খবর যায়। পিসিআর কলে পুলিশকে খবর দেওয়া হয়, কালকাজি মন্দির এবং ইস্কন মন্দিরের মাঝে এক পার্কে এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশের একটি দল অকুস্থলে পৌঁছোয়। দিল্লির বাসিন্দা ওই কিশোরীর শারীরিক পরীক্ষার ব্যবস্থা করেন পুলিশকর্মীরা। তার বয়ানও সংগ্রহ করা হয়।
কিশোরীর বয়ানের ভিত্তিতে পকসো ধারায় মামলা রুজু করে পুলিশ। পার্কের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে রাতেই অভিযুক্তদের খোঁজে অভিযানে শুরু হয়। পার্কের আশপাশের এলাকায় ওই সময়ে যাঁরা ছিলেন, তাঁদের সঙ্গেও কথা বলে তথ্য সংগ্রহ করেন তদন্তকারীরা।
মঙ্গলবার রাতভর তল্লাশির পর অভিযুক্তদের মধ্যে একজনের হদিস পায় পুলিশ। সংবাদসংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ভোরে ওই অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের সঙ্গে তাঁর সংঘর্ষ বেধে যায়। বাহিনীকে লক্ষ্য করে গুলি চালান অভিযুক্ত। কিছুক্ষণ গুলির লড়াইয়ের পর অভিযুক্তকে পাকড়াও করেন তদন্তকারীরা।
সম্প্রতি দিল্লিতে একের পর এক গণধর্ষণের অভিযোগ উঠে এসেছে। কখনও চলন্ত বাসে, কখনও টেম্পোয় মহিলাদের উপরে নির্যাতনের অভিযোগ উঠেছে। পর পর এই ঘটনাগুলির জেরে দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে।

