কলকাতা 

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা!

শেয়ার করুন

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা। আগামী সপ্তাহে দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপের কারণে সমুদ্রও উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সোমবারের মধ্যে স্থলভাগে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তর আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সমুদ্রতল থেকে যার উচ্চতা ৭.৬ কিলোমিটার। এর প্রভাবে শীঘ্রই একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে এবং সেটি ধীরে ধীরে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগোবে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছে সোমবারের মধ্যে তা নিম্নচাপে পরিণত হতে পারে। মঙ্গলবারের মধ্যে তা আরও ঘনীভূত হয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে। ক্রমে পশ্চিমে সরতে সরতে বুধবার সকালের মধ্যে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে পৌঁছোবে গভীর নিম্নচাপ। এর প্রভাবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি চলতে পারে।

মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। সেই তালিকায় আছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। চার জেলায় ঝড়বৃষ্টি বেশি হবে। সেখানে রয়েছে কমলা সতর্কতা।

শুক্রবার এবং শনিবার উত্তর ২৪ পরগনায় এবং বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টি বেশি হবে। তা ছাড়া, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বুধবার থেকে শনিবার পর্যন্ত টানা ভারী বৃষ্টি চলবে। এ ছাড়াও বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

সোমবার থেকে সমুদ্র উত্তাল হতে শুরু করবে বলে মনে করছেন আবহবিদেরা। পূর্ব-মধ্য ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সোমবার ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটারেও। মধ্য বঙ্গোপসাগরের কাছে দমকা হাওয়া থাকবে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে। বুধ এবং বৃহস্পতিবার পর্যন্ত দমকা হাওয়া চলবে। তার বেগ ক্রমে বাড়তে থাকবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ