কলকাতা 

‘‘ব্যাঙ্ক কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখতে চাইছে?’’ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে তীব্র অসন্তোষ ব্যক্ত করে বলল হাইকোর্ট

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ব্যক্তিগত ব্যাংক অ্যাকউন্ট ফ্রিজ করেছে ব্যাংক। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা করেছে কলকাতা হাইকোর্ট। কেন ব্যক্তিগত ব্যাংক অ্যাকউন্ট ফ্রিজ করা হয়েছে তা জানতে চায় কলকাতা হাইকোর্ট। এর উত্তরে ব্যাংক কর্তৃপক্ষ জানায় কেওয়াইসির সমস্যা রয়েছে। কেওয়াইসি জমা দিলে ছাড়পত্র মিলবে।

অনলাইনে কেওয়াইসি করা যাবে না অফলাইনে কেওয়াইসি করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কলকাতা হাইকোর্টে এ কথা বলেন ব্যাংকের আইনজীবী। কেন অফলাইনে কেওয়াইসি করাতে হবে অভিষেককে, আদালতের কাছে সেই যুক্তিও দিয়েছেন ব্যাঙ্কের আইনজীবী। তিনি জানান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় হওয়ার কারণে অনলাইনে এই কাজ সম্ভব নয়।

পাশাপাশি, ব্যাঙ্ক এটাও জানায় যে, অভিষেকের বাড়িতে এক জন ব্যাঙ্ককর্মী যাবেন। সেখানে গিয়ে তাঁর স্বাক্ষর করিয়ে আনবেন। কেওয়াইসির জন্য অভিষেকের কী কী নথি প্রয়োজন, তা-ও জানিয়েছে ব্যাঙ্ক। তারা জানায়, আধার, ভোটার, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স-সহ প্রয়োজনীয় নথি অভিষেককে জমা দিতে হবে।

অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্যকে আদালত জানায়, ওই সব নথি ব্যাঙ্কে দেবেন অভিষেক। ব্যাঙ্ক থেকে এক কর্মী তাঁর বাড়ি গিয়ে স্বাক্ষর নিয়ে আসবেন। এর পরই অভিষেকের আইনজীবী বলেন, ‘‘এখনই কেন আমি নথি দেব? এখন কেন কেওয়াইসি করানো দরকার? ব্যাঙ্ক আগে থেকে না জানিয়ে অ্যাকাউন্ট ফ্রিজ় কেন করল?’’

বিচারপতি কৃষ্ণ রাও তখন জানান, অভিষেক ওই সব নথি দেবেন। তাঁর বাড়িতে কেওয়াইসি সম্পূর্ণ করতে কর্মী যাবেন। তার পরেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় এবং ক্রেডিট কার্ড চালু করার বিষয়টি দেখবে আদালত। অভিষেকের আইনজীবী তখন আদালতে জানান, আগামী সপ্তাহে তাঁর মক্কেল বিদেশ যাবেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার।

বৃহস্পতিবার সকালে এই মামলার শুনানি হয়। তখন অ্যাকাউন্ট ফ্রিজ়ের বিষয়টি নিয়ে ব্যাঙ্ককে ভর্ৎসনা করে আদালত। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যাঙ্কে গিয়ে কেওয়াইসি করাতে হবে, তা নিয়ে প্রশ্ন তোলে আদালত। বিচারপতি তখন বলেন, ‘‘ব্যাঙ্ক কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখতে চাইছে?’’

উল্লেখ্য, ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করার বিরুদ্ধে সোমবার বিচারপতি রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেছিলেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। বৃহস্পতিবার মামলার শুনানির শুরুতে তিনি আদালতকে জানান, তাঁর মক্কেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করা হয়েছে। দু’টি ক্রেডিট কার্ড ব্লক করা হয়েছে। কোনও কিছুই জানানো হয়নি। পরে ব্যাঙ্কের কাছে খোঁজ নিলে বলা হচ্ছে কেওয়াইসি করাতে হবে। অথচ কেওয়াইসি ২০২৬ সালের ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ