কলকাতা 

নিউমার্কেটে হোটেলের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আবু জাফর!

শেয়ার করুন

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হল আবু জাফর নামে এক ব্যক্তিকে। সূত্রের খবর, নিউ মার্কেটে মির্জা গালিব স্ট্রিটের হোটেল ‘শিখা ইন’ তাঁর নামেই লিজ় (ইজারা) নেওয়া হয়েছিল। বুধবার রাতেই তাঁকে আটক করা হয়েছিল। ওই হোটেলের মালিক বীরেশ্বর মিত্রের এখনও কোনও সন্ধান মেলেনি।

আবু জাফর জোড়াসাঁকোর বাসিন্দা। গত রাতে এন্টালি মার্কেট এলাকা থেকে তাঁকে পাকড়াও করে লালবাজারের গোয়েন্দা বিভাগ। জিজ্ঞাসাবাদের পরে তাঁকে গ্রেফতার করা হয়। পাশাপাশি আরও দু’জনকে আটক করা হয়েছে। তাঁদের নাম-পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। তবে সূত্রের খবর, আটক হওয়া দু’জনের মধ্যে হোটেল ‘যাপন’-এর কর্মীও রয়েছেন। মির্জা গালিব স্ট্রিটের যে হোটেলে আগুন লেগেছিল, তার কাছেই রয়েছে এই হোটেলটি। এই হোটেলটিও বীরেশ্বরেরই।

অন্য দিকে অগ্নিকাণ্ডের পরে মির্জা গালিব স্ট্রিটের ৯টি হোটেল এবং ৪টি রেস্তরাঁকে সুরক্ষাবিধি না-মানার অভিযোগে শো কজ় করেছে দমকল দফতর। ২৪ ঘণ্টার মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।

মির্জা গালিব স্ট্রিটের পাঁচতলা একটি ভবনে একাধিক হোটেল ও অতিথিনিবাস চলছিল। প্রতিটিতে ঘুপচি ঘুপচি ঘর। ওই ভবনেরই তিনতলায় ১১০০ বর্গফুট জায়গা জুড়ে চলছিল হোটেল ‘শিখা ইন’। বিস্তর গলদ এবং অনিয়মের অভিযোগ উঠে এসেছে এই হোটেল ঘিরে। দু’কামরা ফ্ল্যাটের সমান জায়গায় ছিল খুপরি পাঁচটা ঘর। মঙ্গলবার বেশি রাতের দিকে ওই হোটেলে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ন’জন। তাঁদের মধ্যে অন্তত পাঁচ জন বাংলাদেশি।

দমকলের সদর দফতর থেকে ঢিলছোড়া দূরত্বে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বুধবারই বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে লালবাজার। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ওই সিট গতরাতেই পাকড়াও করে ‘শিখা ইন’-এর লিজ় হোল্ডার আবুকে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ