প্রচ্ছদ 

ছ বছর আগে শমীকের উপর হামলার জেরে অভিষেকসহ ৭৯ জনের বিরুদ্ধে এফ আই আর

শেয়ার করুন

কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ফের অভিযোগ দায়ের। ২০২০ সালে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) উপর হামলার ঘটনায় অভিষেক ও তাঁর পিএ সুমিত রায়-সহ ৭৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের তালিকায় রয়েছে জাহাঙ্গীর খানের নামও। আজ, বৃহস্পতিবার ডায়মন্ড হারবার থানায় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)।

২০২০ সালে ডায়মন্ড হারবারে শমীক ভট্টাচার্য-সহ কয়েকজন বিজেপি কর্মীর উপর হামলা চলে। ব্যাপক মারধর করা হয় তাঁদের। এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত বলে অভিযোগ ওঠে। কিন্তু সেই সময় থানায় অভিযোগ করা হলেও কোনও এফআইআর হয়নি। গ্রেফতার হননি কেউ। রাজ্যে পালাবদলের পর সেই ঘটনা নিয়ে তদন্তের দাবি জানাল বিজেপি। এই হামলার ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ মদত ছিল বলে জানান ববি। ২০২০ সালের সেই ঘটনার তথ্য প্রমাণ নিয়ে বৃহস্পতিবার ডায়মন্ড হারবার থানায় অভিষেক, তাঁর পিএ সুমিত রায়, জাহাঙ্গীর খান-সহ মোট ৭৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

অভিজিৎ দাসের দাবি, প্রায় ১০০-র বেশি তৃণমূল আশ্রিত দুষ্কৃতী শমীক ভট্টাচার্য-সহ বিজেপি নেতাদের মারধর করে। অভিষেক-বাহিনী এই হামলা চালায়। সেই সময় কারও বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি। দোষীরা এখনও ঘুরে বেড়াচ্ছেন। তাই এবার সেই ঘটনায় তথ্য প্রমাণ সহকারে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল। সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ।

উল্লেখ্য, সরকারি জমি থেকে মাটি কেটে বেআইনিভাবে বিক্রির অভিযোগে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ৩০ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় পুলিশি তদন্তের নির্দেশ আদালতের। অভিযোগ, নদিয়া, মুর্শিদাবাদ-সহ বিস্তীর্ণ এলাকায় এই কাজ হয়েছে। আর এর পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় ভূমিকা রয়েছে বলে দাবি। শুধু তাই নয়, ৩০ জনের মধ্যে নাম রয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান শেখ, কালিগঞ্জের তৃণমূল বিধায়ক আলিফা আহমেদ-সহ একাধিক তৃণমূল নেতার।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ