প্রাতিষ্ঠানিক দুর্নীতি, কাটমানির তদন্ত করার জন্য হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে কমিটি গঠন মুখ্যমন্ত্রী শুভেন্দুর
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বিজেপি সরকারের। প্রাতিষ্ঠানিক দুর্নীতি, কাটমানির তদন্তে কমিটি গঠন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে এই কমিশন গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন আইপিএস পদমর্যাদার শীর্ষ আধিকারিক জয়রামনও। আগামী ১ জুন থেকে এই কমিটির কাজ শুরু করবে।
আজ, সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব সবরকমভাবে এই কমিটিকে সাহায্য করবেন। যে সমস্ত নথি চাওয়া হবে তা রাজ্য পুলিশের ডিজি পৌঁছে দেবেন। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আশাপ্রকাশ করেন, আগামী ৩০ দিনের মধ্যে এই কমিটি যা নির্দেশ দেবেন সেই মতো পদক্ষেপ করা হবে। এমনকী বিএনএসের ধারায় পুলিশের পক্ষ থেকে এফআইআর করা হবে বলেও স্পষ্ট বার্তা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, ফান্ড কোথায় গিয়েছে, কীভাবে নয়ছয় হয়েছে তা খতিয়ে দেখে উদ্ধার করা হবে বলেও জানিয়েছেন তিনি।


