কলকাতা 

১৫২ আসনে মধ্যে ১১০ আসন পাব দাবি অমিত শাহের

শেয়ার করুন

প্রথম দফার ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পর ১৫২ আসনের মধ্যে ১১০টা আসন পাবে বলে জানিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সকালে কলকাতার পাঁচতারা হোটেল থেকে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন ,‘‘১৫২ আসনের মধ্যে আমরা ১১০-এর বেশি আসনে জিতব।”

এদিন সকালে সাংবাদিক বৈঠকের শুরুতেই অমিত শাহ এত সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণের জন্য জনতাকে ধন্যবাদ জানান। পাশাপাশি পুলিশ, প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অমিত শাহ। তাঁর বক্তব্যে উঠে আসে ৯০ শতাংশের বেশি ভোটদানের হারের কথা। সেই সূত্র ধরে শাহর আত্মবিশ্বাসী মন্তব্য, ‘‘এই মতদানের হার থেকেই স্পষ্ট, তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে।” কিন্তু প্রশ্ন হল, কীসের ভিত্তিতে ১১০ আসন জেতা নিয়ে আত্মবিশ্বাসী হলেন? সাংবাদিকের এই প্রশ্নের জবাবে তিনি জানালেন, ‘‘প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এখানে প্রবল। অনেকদিন পর বাড়ির মহিলারা নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিয়েছে। তাঁরা সকলে দুর্নীতি থেকে মুক্তি চান। ভোটদানের হার এত বেশি। এসব পর্যালোচনা করেই আমরা সংখ্যাটা বুঝতে পেরেছি।”

Advertisement

শাহর মতে, প্রথম দফায় শান্তিপূর্ণ ভোটচিত্র দেখে অনুপ্রাণিত হবেন ভোটাররা। দ্বিতীয় দফাতেও স্বতঃস্ফূর্তভাবে ভোটের লাইনে দাঁড়াবেন। এ প্রসঙ্গে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে তিনি বলেন, ‘‘গতকাল রাতে (বৃহস্পতিবার) মধ্যমগ্রামে রোড শো করছিলাম। দেখলাম, নড়বড়ে পায়ে এক ভদ্রমহিলা এগিয়ে এসে আশীর্বাদ করলেন। এটা আমি কখনও ভুলব না। তাতেই বোঝা গেল বাংলার জনতা কী চায়। জনতা দুর্নীতি, গুন্ডামি থেকে মুক্তি চায়। বিজেপিকে সরকারে আনতে চায়।”

বাংলায় বিজেপি সরকার গঠন করলে কী কী কাজ করবেন, তার প্রাথমিক খসড়াও জানিয়ে দিলেন অমিত শাহ। প্রথমেই উল্লেখ করলেন সংসদে মহিলা সংশোধনী বিল নিয়ে তৃণমূলের বিরোধিতার কথা। বললেন, ‘‘মহিলা বিলের বিরোধিতা করেছিল তৃণমূল। ক্ষমতায় এসে তার জবাব দেব।” অনুপ্রবেশমুক্ত বাংলা, দুর্নীতিপরায়ণ পুলিশ আধিকারিকদের শাস্তি এবং মহিলা সুরক্ষা – এই তিন বিষয়ের উপর জোর দেন অমিত শাহ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ