মুসলিমদের রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা বন্ধ হোক, ধর্মতলার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানাচ্ছে এসডিপিআই
বিশেষ প্রতিনিধি : সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-মন্ত্রীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের কারণে মুখ্যমন্ত্রী বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে কার্যকর ও কড়া পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন বলেই আমরা মনে করি। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের মৌন সমর্থনের ফলেই প্রায় ৬০ লক্ষ বাঙালি নাগরিককে আজও “আন্ডার অ্যাডজুডিকেশন”-এর অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে মুসলিম ভোটব্যাংক ধরে রাখার কূটনৈতিক কৌশলের অংশ হিসেবেই তৃণমূল কংগ্রেস ধর্মতলায় ধরনা মঞ্চ তৈরি করেছে।
ধর্মতলার ওই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী যে ভাষণ দিয়েছেন তা অত্যন্ত উস্কানিমূলক এবং দায়িত্বজ্ঞানহীন। তিনি বলেছেন— “আমরা আছি বলে আপনারা ভালো আছেন। আমরা না থাকলে একটা কমিউনিটি যখন জোট বাঁধে, ঘিরে ফেললে ১ সেকেন্ডে ১২টা বাজিয়ে দেবে।” একজন মুখ্যমন্ত্রীর মুখে এ ধরনের বক্তব্য সমাজে বিভাজন, উত্তেজনা ও অশান্তির পরিবেশ সৃষ্টি করতে পারে। আমরা মনে করি, ভোটে জেতার স্বার্থে মুসলিম সম্প্রদায়কে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা এবং তাদের সংঘাতের মুখে ঠেলে দেওয়ার মতো বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।

আমরা রাজ্যের জনগণকে স্মরণ করিয়ে দিতে চাই যে অতীতে মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে যে সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়েছে, সেগুলোর পেছনে তৃণমূলের কিছু নেতা-মন্ত্রীর উস্কানিমূলক ভূমিকা নিয়ে বহু অভিযোগ উঠেছে। সাম্প্রতিক বক্তব্য সেই আশঙ্কাকেই আরও জোরদার করে। একদিকে সাম্প্রদায়িক বিজেপি সরকার আরএসএস-ঘনিষ্ঠ শক্তিকে ব্যবহার করে সংখ্যালঘুদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করছে, অন্যদিকে সংখ্যালঘু মুসলিমদের নাম ব্যবহার করে বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে পরোক্ষভাবে শক্তিশালী করা হচ্ছে— যা রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে মারাত্মক ক্ষতিকর।
এসডিপিআই মনে করে বাংলার মানুষ আর এই ধরনের রাজনৈতিক কৌশল ও বিভাজনের রাজনীতির ফাঁদে পা দেবে না। আমরা রাজ্যের সকল সম্প্রদায়ের মানুষকে শান্তি, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।

