উন্নত প্রযুক্তির মাধ্যমে নবরূপে গঠিত হলো মানিকতলা ই.এস.আই হাসপাতাল
স্মৃতি সামন্ত,কলকাতা : অত্যন্ত গর্বের সঙ্গে জানানো হচ্ছে যে, এমপ্লইয়িস স্টেট ইন্সিওরেন্স এর অন্তর্গত ই.এস.আই হাসপাতাল মানিকতলা উন্নত ও আধুনিক স্বাস্থ্যপরিষেবার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে।
পূর্বে হাসপাতালেটিতে 33টি আই.টি.ইউ বেড কার্যকর ছিল। আজ সেই পরিকাঠামোর সঙ্গে যুক্ত হয়েছে ৪ কোটি ৯৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত আরও ১৯টি অত্যাধুনিক আই.টি.ইউ বেড। এর ফলে হাসপাতালটি এখন একটি বৃহৎ ও সুসংগঠিত ক্রিটিক্যাল কেয়ার ইউনিট হিসেবে পরিণত হয়েছে। এই সম্প্রসারণের ফলে— রাজ্যের অন্যান্য ই.এস.আই হাসপাতাল থেকে রেফারাল রোগীরা সহজেই এখানে আই.টি.ইউ সুবিধা পাবেন। প্রাইভেট টাই-আপ হাসপাতালের উপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে। সরকারের অতিরিক্ত আর্থিক ব্যয়ও হ্রাস পাবে। শ্রমজীবী মানুষ সরকারি ব্যবস্থার মধ্যেই উন্নত ও নিরাপদ ক্রিটিক্যাল কেয়ার পরিষেবা লাভ করবেন। এটি কেবল পরিকাঠামো বৃদ্ধি নয়—এটি সরকারি স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা ও আত্মনির্ভরতার স্পষ্ট প্রতিফলন। পশ্চিম বঙ্গ সরকারের শ্রম,আইন ও বিচার বিভাগের মন্ত্রী শ্রী মলয় ঘটক প্রকল্পের উদ্বোধন করেন।

এই পদক্ষেপ শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসুরক্ষায় সরকারের অঙ্গীকারের বাস্তব প্রতিফলন। ESI Hospital, Manicktala আগামী দিনে আরও আধুনিক ও মানসম্মত পরিষেবা প্রদানের মাধ্যমে রাজ্যের অন্যতম অগ্রণী সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরিণত হবে।
শ্রী সুজিত বসু, মাননীয় মন্ত্রী অগ্নি নির্বাপন ও জরুরী বিভাগ,পশ্চিমবঙ্গ সরকার, বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত মাননীয়া বিধায়ীকা শ্রীমতী সুপ্তি পান্ডে, মেয়র ইন কাউন্সিলের সদস্য শ্রী স্বপন সমাদ্দার। মানিকতলা ইএস আই হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডা. ইন্দ্রনীল দাস,ডা. সত্যব্রত সরকার ডা.অতনু ভদ্র প্রমুখ বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইএসআই এমবি স্কিমের অধিকর্তা শ্রী তন্ময় চক্রবর্তি।

