দিল্লি বিশ্ববিদ্যালয় বক্তব্য রাখাকালীন সময়ে আক্রান্ত হলেন বিশিষ্ট ঐতিহাসিক ইরফান হাবিব!
দিল্লি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির আক্রমণের মুখে পড়লেন ইতিহাসবিদ ইরফান হাবিব। ৯৪ বছর বয়সি ইরফানের বক্তৃতার মাঝে জলভর্তি বালতি ছুড়ে দেওয়া হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
বৃহস্পতিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ভবনের সামনে ছিলেন ইরফান। বাম ছাত্র সংগঠন আইসা-র উদ্যোগে পিপল্স লিটারেচার ফেস্টিভ্যালে আমন্ত্রিত ছিলেন প্রবীণ ইতিহাসবিদ। কয়েক মিনিট তিনি বক্তৃতা করেছেন। হঠাৎ শুরু হয় বিশৃঙ্খলা। হাবিবের কথায়, ‘‘ছাত্র-ছাত্রীদের সামনে কিছু বলার জন্য আমায় ডাকা হয়েছিল। প্রায় ২০০ শিক্ষার্থী ছিলেন। প্রায় ২০ মিনিট বলেছি, সেই সময় পিছনের পাঁচিল থেকে আমার দিকে বালতিভর্তি জল ছুড়ে দেন কেউ। কয়েক সেকেন্ডের জন্য অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। তবে তার পরে আবার আমি বলেছি।’’ তিনি আরও বলেন, ‘‘বিশ্ববিদ্যালয় হল সেই জায়গা, যেখানে নানা মতামত আসবে। সমালোচনা হতে পারে। কিন্তু সমস্ত মতামতকেই সম্মান জানানো উচিত।’’ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বালতি-সহ জল ছোড়া হয়েছিল হাবিবের দিকে। বালতিটি কিছুটা দূরে গিয়ে পড়ে। কিন্তু প্রবীণ ইতিহাসবিদের গা ভিজে যায়।

আইসার দাবি, এমন ন্যক্কারজনক ঘটনার নেপথ্যে রয়েছে এবিভিপি (অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ)। তাদের কয়েক জন সদস্য অনুষ্ঠান ভন্ডুল করার জন্য এই পন্থা নিয়েছিলেন। যদিও এবিভিপি ওই অভিযোগ নস্যাৎ করেছে। সংগঠনের দিল্লি রাজ্য সম্পাদক সার্থক শর্মা বলেন, ‘‘আমাদের সংগঠনকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে। এই অভিযোগ ভিত্তিহীন এবং ভুয়ো। বাম সংগঠন মানেই ভুয়ো খবর ছড়ানোর ওস্তাদ।’’
অন্য দিকে, আইসা জানিয়েছে, এই ঘটনার প্রতিবাদে তারা আরও একটি অনুষ্ঠানের আয়োজন করছে। হাবিবের উপর এই আক্রমণ বরদাস্ত করা হবে না।

