নারী প্রগতির নিদর্শন ‘উচ্ছাস’ এর অনুষ্ঠান
সংবাদদাতা, বাংলার জনরব: এখনকার কবিতা বা কবিদের আড্ডা নিছক সাদামাটা এক চিত্ত বিনোদনের মাধ্যম। পুকুরে জাল ফেলে এক লহমায় অজস্র চুনোপুঁটি টেনে ডাঙায় তোলার মতোই এক চুটকিতে এক ঝাঁক কবিকে এক জায়গায় জড় করা এখন মামুলি ব্যাপার। সমাজে ওই ধরণের এক শ্রেণীর উন্নাসিকের আত্মশ্লাঘা ভোগ করার ভাবনাচিন্তা কে মিথ্যা প্রমাণ করেছে গত ১১ ডিসেম্বর ২০২৫ যাদবপুর বিশ্ববিদ্যালয় ইন্দুমতী সভাঘরে অনুষ্ঠিত সাহিত্য সংস্কৃতির ব্যাতিক্রমী সংগঠন ‘উচ্ছাস’ এর এক মনোজ্ঞ কবিতা সন্ধ্যা।
এদিন কবিতা, গান, গুণিজন সংবর্ধনায় কানায় কানায় পূর্ণ সাহিত্য সংস্কৃতিপ্রেমীর উপস্থিতিতে কলকাতা শহরের দুই খ্যাতনামা কবি কৃষ্ণা গুহ এবং শক্তি কুন্ডুর বিভিন্ন আঙ্গিকের কবিতা মালায় মুখর হয়ে ওঠে ইন্দুমতী সভাঘর। সভাঘরে দুই কবির উপস্থিতি শহরের বিভিন্ন বাচিক শিল্পীর কন্ঠে একের পর এক কবিতা যখন উপস্থাপন করা হয় তখন উক্ত দুই কবির পাশাপাশি সভাঘরে উপস্থিত কাব্যমোদিদের যে অপরিসীম পাওনা তা বলাই বাহুল্য। প্রতিটি কবিতার অন্তর্নিহিত তাৎপর্য অনুযায়ী শ্রুতিমধুর আবহসঙ্গীত সহযোগে আবৃত্তি পরিবেশন উচ্ছাসের অনবদ্য প্রয়াস।

অনুষ্ঠানে দুই কবির কবিতা আবৃত্তিতে অংশ নিয়েছিলেন বাচিক শিল্পী স্নেহা দাস, ঋণা ভট্টাচার্য, সুমিতা তালুকদার, শর্মিষ্ঠা কুন্ডু, বনানী মিত্র, দীপান্বিতা সিংহ, লিপিকা বোস, সপ্তমী সিকদার, চৈতালী সেনগুপ্ত, মৌসুমী চক্রবর্তী, সুপর্ণা সান্যাল, সুসীমা দত্ত, সর্বানি রায়, মানসী চ্যাটার্জী, সুশ্বেতা বড়াল, সোমা ভট্টাচার্য, নীনা ঘোষ, পৃথা মন্ডল প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানকে ব্যঞ্জনায় ও উপভোগ্য করে তুলতে একগুচ্ছ সামঞ্জস্যপূর্ণ সংগীতের সমাবেশ ঘটিয়েছিলেন উদ্যোক্তারা। আমন্ত্রিত সংগীত শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন পুরবী ভট্টাচার্য ও পীযূষ চক্রবর্তী।

এদিনের ব্যতিক্রমী কবিতা সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব, অভিনেতা, গীতিকার, কবি তথা বিভিন্ন সম্মানে ভূষিত যশস্বী সুব্রত নাথ মুখোপাধ্যায়। তাঁকে উচ্ছাসের তরফে বিশেষভাবে সংবর্ধিত করা হয়। প্রধান অতিথির বক্তব্যের পরিবর্তে তিনি প্রথমে আবৃত্তি করেন কবি কৃষ্ণা গুহর কবিতা ‘পরিচয়’ ও কবি শক্তি কুন্ডুর ‘নতুন বউঠান হবো না’ এবং শেষে উদাত্ত কন্ঠে পরিবেশন করেন একটি স্বরচিত গান ‘কখনো মনে হয় মা আমার কাছে নেই, আমি এক মা হারা কিশোর’।
এদিন অন্যান্য আমন্ত্রিত অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন ঝুমঝুম ব্যানার্জী,অর্পিতা ব্যানার্জী ও মানসী চ্যাটার্জী। দর্শক আসনে শহরের বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন গোপা ব্যানার্জী, সোমনাথ ঘোষাল, অনিরুদ্ধ মুখার্জী, গৌতমী ভট্টাচার্য, করবী খাসনবিশ, ডা. শুভঙ্কর চক্রবর্তী,কথা সাহিত্যিক সেখ আব্দুল মান্নান প্রমুখ।
অনুষ্ঠানে আবহসঙ্গীত সহযোগিতায় ছিলেন আশীষ ঘোষ এবং সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বাতী পাল চৌধুরী।

