জেলা 

বাংলার এক বিএসএফ জওয়ানের রহস্য মৃত্যু রাজস্থানে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বাংলার এক বিএসএফ জওয়ানের মৃত্যু হল রাজস্থানে। মৃত জওয়ানের নাম অমিত হালদার। তিনি শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যুর খবর জানতে পারেন পরিবারের সদস্যরা। শনিবার রাতে বাড়িতে ফেরে তাঁর কফিন বন্দি দেহ। মৃত জওয়ানের দেহ বাড়িতে ফিরতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। মৃত জওয়ানের স্ত্রীর দাবি, বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। তবে এভাবে বিএসএফ জওয়ানের মৃত্যু মেনে নিতে পারছেন না প্রতিবেশীরা। তাঁরা ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ১২ বছর আগে বিএসএফের চাকরি পেয়েছিলেন অমিত। প্রথমে কমান্ডার হিসেবে অমিত কৃষ্ণনগরের সীমানাগড়ে ট্রেনিং করেন। এরপর বনগাঁ সেনাবাহিনীর ব্যারাকে পোস্টিং ছিলেন। পরে কাশ্মীরে পোস্টিং হয় তাঁর। বর্তমানে তিনি রাজস্থানে কর্মরত ছিলেন। প্রায় ১০ বছর আগে অমিতের বিয়ে হয়েছে। বর্তমানে তাঁদের ৮ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে রাজস্থানে থাকতেন অমিত। তারই মধ্যে বৃহস্পতিবার তাঁর মৃত্যুর খবর জানতে পারেন পরিবারের সদস্যরা। এই খবর পেয়ে শোকের ছায়া নেমে আসে পরিবারে।

মৃত জওয়ানের পিসি ফুলকুমারী হালদার বলেন, ‘ওরা দুজন ছাড়া আর কেউ থাকত না। কী হয়েছে আমরা জানি না। বৌমা জানিয়েছেন অমিত বিষ খেয়েছে। এখন আমরা সেটাই আমরা জানছি। ওদের মধ্যে কিছু হয়েছে কি না আমরা জানি না।’ এদিকে, অমিতের মৃত্যু মেনে নিতে পারছেন না প্রতিবেশীরা। আনন্দ ঘোষ নামে এক প্রতিবেশী জানান, ‘এলাকায় নিঃসন্দেহে ভালো ছেলে ছিলেন অমিত। গ্রামে যতজন আছে ততজনই বলবেন অমিতের কোনও তুলনা নেই। গত কালীপুজোয় বাড়ি ফিরেছিল। আমার অনেকক্ষণ কথা হয়েছিল তাঁর।’ তিনি ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ