দেশ 

চলে গেলেন ‘লাল পাহাড়ির দেশে যা’ গানের স্রষ্টা কবি অরুণ চক্রবর্তী, শোকের ছায়া শিল্পী মহলে

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : শুক্রবার গভীর রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রখ্যাত কবি ও লাল পাহাড়ির দেশে যা গানের স্রষ্টা কবি অরুণ চক্রবর্তীর। হুগলি জেলার চুঁচুড়ার ফার্মস সাইড রোডের বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেছিলেন অরুণ। চাকরি করতেন হিন্দুস্তান মোটরে। সঙ্গে লেখালিখিও করতেন। তাঁকে পরিচিতি এবং খ্যাতি এনে দিয়েছিল ‘লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা’। ওই কবিতা পরে গান হয়ে লোকের মুখে মুখে ফিরেছে। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও অরুণের পরিচিতি তৈরি করে দেয় এই গান। বাংলার লোকসংস্কৃতি নিয়ে চর্চা করতেন অরুণ। ঘুরতেন পাহাড়, জঙ্গল এবং আদিবাসী এলাকায়। ‘লাল পাহাড়ের’ সুরেই অমর হয়ে থাকবেন কবি।

Advertisement

চুঁচুড়া ফার্ম সাইড রোডে অরুণের বাড়ির নাম ‘সোনাঝুরি’। বাড়িতে তাঁর স্ত্রী, দুই পুত্র, পুত্রবধূ এবং নাতিরা রয়েছেন। পরিবার সূত্রে খবর, শারীরিক ভাবে সুস্থ ছিলেন অরুণ। শুক্রবার কলকাতার মোহরকুঞ্জে জঙ্গলমহল অনুষ্ঠানেও যোগ দেন। সেখান থেকেই কিছুটা ঠান্ডা লেগেছিল, জানিয়েছেন পরিবারের সদস্যেরা। কবির পুত্রবধূ সুদেষ্ণা চক্রবর্তী জানিয়েছেন, করোনার পর থেকেই তাঁর ফুসফুসে সমস্যা ছিল।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ