ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপ মুখ্যমন্ত্রী করার দাবিতে সোচ্চার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর
বাংলার জনরব ডেস্ক : ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপ মুখ্যমন্ত্রী করার দাবিতে সোচ্চার হলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।
কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর দুষ্কৃতী হামলার ঘটনায় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। এই প্রসঙ্গেই এবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের ভাষায়, “অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সি এম ও ডেপুটি পুলিশ মন্ত্রী হিসাবে দেখতে চাই। তাহলে রাজ্যের পুলিশের সমস্যা মিটে যাবে।”

এর আগে গত ১২ নভেম্বর অভিষেককে ডেপুটি সিএম করার দাবি জানিয়ে হুমায়ুন বলেছিলেন, ওকে স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব দিলে দলেরই মঙ্গল হবে।
এদিন সেই প্রসঙ্গ টেনে হুমায়ুন বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ২৬ সালে চতুর্থবার মুখ্যমন্ত্রী হোন, কিন্তু তাঁর আগে ডেপুটি হিসেবে এবার অভিষেকের জায়গা পাওয়া উচিত বলে আমি মনে করি। কারণ, দিদির কিছুটা লোড কমা প্রয়োজন। সেই সঙ্গে অভিষেককে পুলিশ মন্ত্রী হিসেবেও দেখতে চাই। তাতে বাংলার মানুষ উপকৃত হবে।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ব্য়ক্তিগতভাবেও এই অনুরোধ রাখবেন বলে জানিয়েছেন ভরতপুরের বিধায়ক।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই রয়েছে স্বরাষ্ট্র দফতর। এ ব্যাপারে হুমায়ুনের ব্যাখ্যা, “পুলিশ বিভাগে একজন পূর্ণ সময়ের মন্ত্রী প্রয়োজন। যিনি পুলিশের ফাঁকফোঁকর গুলো মেরামত করতে পারবেন। এক্ষেত্রে আমার মনে হয় অভিষেকই যোগ্য ব্যক্তি।”
এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের পক্ষে জোরাল সওয়াল করেছিলেন সৌগত রায়, কুণাল ঘোষরা।

