কলকাতা 

বৃহস্পতিবার সকাল থেকেই খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার বাড়ি সহ ১২ জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বৃহস্পতিবার সকাল থেকেই খাদ্যমন্ত্রী মাননীয় রথীন ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বেআইনি ভাবে পুরসভায় নিয়োগ সংক্রান্ত মামলায় তথ্যের খোঁজে তাঁর বাড়িতে গিয়েছেন ইডির আধিকারিকেরা।

রথীন দীর্ঘ দিন ধরে মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন। সেই সময় পুরনিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুরসভায় রথীনের ‘ভাল কাজ’ করার পুরস্কার হিসাবেই ২০২১ সালে তৃতীয় বার ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় তাঁকে জায়গা দেওয়া হয়েছিল বলে দলীয় সূত্রে খবর।

Advertisement

বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ খাদ্যমন্ত্রীর মাইকেল নগরের বাড়িতে হানা দেয় ইডি। প্রায় তিন ঘণ্টা ধরে তল্লাশি চালাচ্ছে ইডি। ৫টি গাড়িতে রথীনের বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকেরা। শুধু রথীনের বাড়িতেই নয়, ১০ থেকে ১২টি দলে ভাগ হয়ে বরাহনগর, সল্টলেক-সহ মোট ১২টি জায়গায় হানা দিয়েছে ইডি। কামারহাটি পুরসভার তৃণমূলের পুর চেয়ারম্যান গোপাল সাহার বাড়িতেও হানা দিয়েছে ইডি।

ঘটনাচক্রে, বৃহস্পতিবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবন অভিযান কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিতে এই নেতাদের থাকার কথা। ঠিক তার আগে ইডির অভিযানের ফলে তৃণমূল আন্দোলনের সুর চড়াবে বলে মনে করা হচ্ছে।

ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অয়ন শীলের বাড়িতে বাজেয়াপ্ত করা নথিতে উল্লেখ ছিল রথীনের নাম। এর আগেও গত জুন মাসে ১২টি পুরসভা সহ মোট ১৪টি জায়গায় হানা দিয়ে নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত নথি জোগাড় করেছিল ইডি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ