যাবেন না আগেই বলেছিলেন, চিঠি দিয়ে ইডির কাছে ঠিক কী কারণে তলব জানতে চাইলেন অভিষেক
বাংলার জনরব ডেস্ক : আগেই যাবেন না বলেছিলেন ।বলেছিলেন যখন খুশি ডাকলেই যাওয়া যাবে না। আর দশ ঘণ্টা সময় নষ্ট করার সময় আমার নেই। পঞ্চায়েত নির্বাচন আটই জুলাই তারপর ডাকলে অবশ্যই যাবো। ইডির চিঠি পাওয়ার পর এইরকমই প্রতিক্রিয়া দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সময় অনুসারে আজ মঙ্গলবার ১৩ই জুন সিজিও কমপ্লেক্সে যাওয়ার কথা অভিষেক বন্দোপাধ্যায়ের। মঙ্গলবার তিনি কি করবেন সেটাই ছিল সকলের জানার বিষয়। শেষ পর্যন্ত আজ সকালে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি পৌঁছালো ইডির দফতরে। সেই চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন তিনি এখনই যেতে পারবেন না এমনিতেই কলকাতায় নেই দলীয় কর্মসূচিতে বাইরে আছে এরপরে রয়েছে পঞ্চায়েত নির্বাচন এজন্য তিনি ব্যস্ত থাকবেন সুতরাং এখন যাওয়ার সময় পাবেন না। একই সঙ্গে তিনি এটাও প্রশ্ন করেছেন বা ইডির কাছ থেকে জানতে চেয়েছেন ঠিক কোন কারণে তাকে তদন্তের তলব করা হয়েছে।

মঙ্গলবার ইডিকে ১৫ পাতার চিঠিতে অভিষেক লিখেছেন যে, ‘নবজোয়ার’ কর্মসূচিতে তিনি কলকাতার বাইরে রয়েছেন। আগামী ৮ জুলাই পঞ্চায়েত ভোট। এই কারণে তিনি ব্যস্ত রয়েছেন। গত বৃহস্পতিবার ইডির তলব প্রসঙ্গে সংবাদমাধ্যমে ‘তৃণমূলের সেনাপতি’ বলেছিলেন, ‘‘আমার সৌজন্য আমার দুর্বলতা নয়। আপনি যখন ডাকবেন, তখনই আমাকে যেতে হবে, তা নয়। পঞ্চায়েত ভোটের আগে ইডির দফতরে গিয়ে ১০-১২ ঘণ্টা অপচয় করার মতো সময় আমার হাতে নেই। ৮ জুলাই পঞ্চায়েত ভোট। তার পরে আপনারা যখন ডাকবেন, তখনই যাব।’’ এই দিনই কয়লা পাচার মামলায় অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সেই জিজ্ঞাসাবাদ সেরে রুজিরার বেরোনোর ১৫ মিনিটের মধ্যেই অভিষেককে তলব করা হয় বলে দাবি করেছিলেন অভিষেক।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ১৫ পাতার চিঠির জবাব কী দেয় কেন্দ্রীয় এজেন্সি, সেটাই জানার কৌতূহল থাকবে রাজ্যবাসীর। তবে নিয়ম অনুসারে একবার কোনো কারণে তলব করা ব্যক্তি না যেতে চাইলে পরবর্তীতে আবার তাকে তলব করা হতে পারে। এক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সি কি ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে থাকবে রাজ্যবাসী।

