রিষড়ার অশান্তি কবল এলাকার পরিস্থিতি খতিয়ে দেখে রাজ্যপাল বললেন ‘‘বাংলায় শান্তি প্রতিষ্ঠা করতে সবরকম পদক্ষেপ করা হবে’’
বাংলার জনরব ডেস্ক : রিষড়ার ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর উত্তরবঙ্গ সফর কাঁটছাঁট করে কলকাতায় ফিরে আসেন । কলকাতায় ফিরে বিমানবন্দর থেকে সোজা রিষড়ার ঘটনাস্থলে পৌছে যান । বেলা সাড়ে ১২ নাগাদ তিনি রিষড়া পৌছান ।‘‘বাংলায় শান্তি প্রতিষ্ঠা করা হবে। শান্তি প্রতিষ্ঠা করতে সবরকম পদক্ষেপ করা হবে’’, রিষড়ায় গিয়ে বললেন রাজ্যপাল বোস।
রিষড়ায় গিয়ে রাজ্যপাল বোস বললেন, ‘‘গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে এখানে এসেছি। কঠোর পদক্ষেপ করা হবে। দুবৃত্তদের হাতে আইন তুলে নিতে দেব না। বাংলার মানুষের অধিকার রয়েছে শান্তিতে থাকার। শান্তি ফেরানো হবে। দুবৃত্তদের কঠোর হাতে দমন করা হবে।’’চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগির সঙ্গে কথা বললেন রাজ্যপাল বোস।

তাৎপর্যপূর্ণ হল, রাজ্যপাল পদে আসীন হওয়ার পর এই প্রথম কোনও ঘটনার প্রেক্ষিতে সেই জায়গায় গেলেন রাজ্যপাল। এদিন বিমানবন্দর থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে রাজ্যপালের কনভয় রওনা দেয় দক্ষিণেশ্বরের দিকে। তারপর বালিব্রিজ পেরিয়ে ডান দিকে টার্ন নেয় সিভি আনন্দ বোসের কনভয়। তারপর হিন্দমোটর হয়ে পৌঁছে যান রিষড়ায়।
এদিন কলকাতা বিমানবন্দরে নেমে রিষড়ার ঘটনা নিয়ে মুখ খোলেন রাজ্যপাল। মানুষের শান্তিভঙ্গ করলে কোনও রেহাত করা হবে না তা স্পষ্টভাবে জানান তিনি। সিভি আনন্দ বলেন, ‘মানুষের শান্তিতে থাকার অধিকার রয়েছে। যাঁরা সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করবেন, তাঁদের কোনওভাবেই ছাড়া হবে না।’ তিনি আরও বলেন, ‘আমরা সবাই একসঙ্গে শান্তিরক্ষা করব।’
প্রসঙ্গত, সোমবার রাতে রিষড়ার ৪ নম্বর রেলগেট এলাকায় উত্তেজনা ছড়ায়। সরাতে বিশাল পুলিশ বাহিনী নামে। ট্রেন লক্ষ্য করে বোমা ছোড়ারও অভিযোগ রয়েছে। পাশাপাশি পুলিশকে লক্ষ্য করেও পাথর বৃষ্টির অভিযোগ ওঠে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে মঙ্গলবার সকালেও এলাকা থমথমে।

