কলকাতা 

বিশিষ্টদের নিয়ে নির্বাচন কমিটি করে, মেডিকেলের আন্দোলনকারীরাই নির্বাচন প্রক্রিয়া শুরু করে দিল

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বিশিষ্ট সমাজ কর্মী ও চিকিৎসক বিনায়ক সেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, বিশিষ্ট লেখিকা বোলান গঙ্গোপাধ্যায় এবং মানবাধিকার আন্দোলনের অন্যতম নেতা সুজাত ভদ্রকে সামনে রেখে কলকাতা মেডিকেল কলেজের ছাত্ররা নির্বাচন প্রক্রিয়া শুরু করে দিল।

মূলত সুজাত ভদ্রের কাছে নির্বাচনে অংশগ্রহণকারী পড়ুয়ারা মনোনয়নপত্র জমা দেবেন ইমেলের মাধ্যমে আজ মঙ্গলবার থেকে এই মনোনয়নপত্র জমা নিয়ে নেওয়া শুরু হয়েছে আগামীকাল বুধবার একুশে ডিসেম্বর এই মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ হবে। ২২শে ডিসেম্বর সকাল ১০ টা থেকে মেডিকেল কলেজের ছাত্ররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত নির্বাচন চলবে মেডিক্যাল কলেজে। ওই দিনই দুপুর সাড়ে ৩টের পর গণনা শুরু হবে। মঙ্গলবার সকাল ১০টা থেকে মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়া চলবে বুধবার সকাল ১০টা পর্যন্ত। বুধবার দুপুর ১২টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। বুধবার দুপুর ১টায় চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হবে। প্রার্থীরা মনোনয়নপত্র জমা ও প্রত্যাহারের জন্য সুজাত ভদ্রকে ইমেল পাঠাবেন।

সমাজকর্মী ও চিকিৎসক বিনায়ক সেন, অম্বিকেশ মহাপাত্র, বোলান গঙ্গোপাধ্যায়, সুজাত ভদ্রকে নির্বাচন প্রক্রিয়ায় নজরদারির জন্য অনুরোধ জানিয়েছিলেন পড়ুয়ারা। তাতে রাজি হন বিশিষ্টরা। নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতেই বিশিষ্টদের নজরদারির অনুরোধ জানিয়েছেন ওই পড়ুয়ারা।

ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে দীর্ঘ ১২ দিন ধরে অনশন চালান মেডিক্যালের পড়ুয়ারা। ১২ দিনের মাথায় সোমবার অনশন প্রত্যাহার করেন তাঁরা। সেই সঙ্গে আন্দোলনকারী পড়ুয়ারা ঘোষণা করেন যে, নিজেদের ভোট তাঁরা নিজেরাই করবেন। তবে এই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এই নির্বাচনে অংশ নিচ্ছে না বলে জানিয়েছে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ