কলকাতা 

উন্নয়নের স্বার্থে শাসক বিরোধী ঐক্য! নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন রাজ্যের তৃণমূল ও বিজেপি বিধায়করা, প্রস্তাব পাশ বিধানসভায়

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহবানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির কয়েকজন বিধায়ক সৌজন্য সাক্ষাৎ করার পর রাজ্য রাজনীতিতে অনেকটাই শীতলতা এসেছে বলে রাজনৈতিক মহল মনে করছে।

আজ মঙ্গলবার রাজ্যের নদী ভাঙ্গন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দরবার করার জন্য বিধানসভায় এক প্রস্তাব গ্রহণ করেন রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। মন্ত্রী বিধানসভায় প্রস্তাব রাখেন যে শাসক বিরোধী দলের যৌথ প্রতিনিধি দল দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে নদী ভাঙ্গন রোধে বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য দরবার করবেন। এই প্রস্তাব বিজেপি বিধায়ক দলের মুখ্য সচেতন মনোজ টিগ্গা সমর্থন করেন। এরপরই সিদ্ধান্ত হয় শাসক ও বিরোধী দলের প্রতিনিধিরা দিল্লি যাবেন নদী ভাঙ্গন নিয়ে দরবার করতে।

এ বিষয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শাসক এবং বিরোধীরা একসঙ্গে প্রধানমন্ত্রীর কাছে নদীর ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাতে যাবেন।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে এই নিয়ে কথা বলে শাসক শিবিরকে জানাবেন মনোজ টিগগা। শাসকদলের কোন কোন বিধায়ক প্রতিনিধি হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন, তা ঠিক করার দায়িত্ব শোভনদেবকে দিয়েছেন স্পিকার। বিরোধী দলের প্রতিনিধিদের নাম জানাবেন মনোজ।

এর মধ্যে মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম প্রস্তাব দিয়েছেন, নদী ভাঙন নিয়ে যখন সর্বদলীয় প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কাছে নিজেদের দাবি জানাতে যাবে, তখন পশ্চিমবঙ্গের নাম বদলের বিষয়টিও যেন তোলা হয়। তাঁর অনুরোধ, নাম বদল নিয়ে কেন্দ্রের অনুমোদনের জন্য অনুরোধ করুক প্রতিনিধি দল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ