কলকাতা 

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়! পার্থ ঘনিষ্ঠ ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার দিলীপ ঘোষের জমির দলিল

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে  রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার দিলীপ ঘোষের নামের ডিড। দলিলে নাম থাকা দিলীপ ঘোষ যে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি, সে বিষয়ে তেমন সন্দেহের অবকাশ নেই। কারণ, সংবাদমাধ্যমের সামনে প্রসন্নর হাতে দলিল দেওয়ার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন বিজেপি নেতা।

ঠিক কী হয়েছে? দিনচারেক আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত এসএসসি উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান এসপি সিনহাকে (SP Sinha) আদালতে তোলা হয়। তিনি বিচারকের সামনে সিবিআই সিজার লিস্ট জমা দেওয়ার দাবিতে সরব হন। তারপর সিবিআই (CBI) নড়েচড়ে বসে। জমা পড়ে সিজার লিস্ট। ওই সিজার লিস্টই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সিজার লিস্টের ৮ নম্বর পয়েন্ট দেখে কার্যত হতবাক প্রায় সকলেই।

৮ নম্বর পয়েন্টে রয়েছে দিলীপ ঘোষের (Dilip Ghosh) জমির দলিলের উল্লেখ। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের ফ্ল্যাট থেকে ওই দলিলটি বাজেয়াপ্ত করেছে সিবিআই। ওই ডিড অনুযায়ী, দিলীপ ঘোষ ২০২২ সালের ২২ এপ্রিল জনৈক শৌভিক মজুমদার কাছ থেকে দক্ষিণ ২৪ পরগনা এলাকায় জমিটি কেনেন।

ওই জমির দলিল সামনে আসার পর থেকে রাজনৈতিক মহলে জোর শোরগোল। ডিডে নাম থাকা দিলীপই কি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ওই ডিড যে তাঁরই, তা কার্যত স্বীকার করে নিয়েছেন খোদ দিলীপ ঘোষ। দাবি করেন, প্রসন্ন রায় ও তিনি একই আবাসনে থাকতেন। সেই সূত্রে প্রসন্নকে চিনতেন। বিদ্যুতের সংযোগ সংক্রান্ত কাজকর্মের জন্য দলিলটি প্রসন্নকে দিয়েছিলেন। তবে প্রসন্ন কোনও দুর্নীতিতে জড়িত জানলে দলিল দিতেন না বলেও দাবি দিলীপ ঘোষের। যদিও বিরোধীরা বিষয়টি খুব ভাল চোখে দেখছেন না।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ