কলকাতা 

“অনুব্রত গ্রেফতার কেন ? ও তো সাংসদ বিধায়ক হতে চায়নি ! আসলে বিজেপি আমাকে ভয় পাচ্ছে, তাই আমার ইমেজ নষ্ট করার চেষ্টা করছে” পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা এলাকার গিয়ে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে নীরব থাকলেও স্বাধীনতা দিবসের ঠিক একদিন আগে অনুব্রত মণ্ডল ইসুতে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন অনুব্রত মণ্ডল এমপি এমএলএ সাংসদ হতে চান নি তার কোন লোক ছিল না তবু তাকে গ্রেফতার করা হয়েছে। কেন গ্রেফতার করা হয়েছে এই প্রশ্ন করার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই উত্তর দিয়েছেন তিনি বলেছেন আসলে ঝাড়খন্ড সরকারকে ভাঙতে দিইনি বলে বিজেপির যত রাগ আমার উপরে।

আজ রবিবার অনুব্রতের গ্রেফতারি নিয়ে প্রথমবার মুখ খুললেন মমতা। তিনি পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা এলাকা বেহালা পশ্চিমে যান প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। সেখানে পার্থ সম্পর্কে ‘আইন আইনের পথে চলবে’ বলে জানালেও অনুব্রতর অনেক প্রশংসা করেন। বলেন, ‘‘ও কিছু চায়নি। সাংসদ, বিধায়ক কিছু হতে চায়নি। আমি ওকে রাজ্যসভায় পাঠাতে চেয়েছিলাম। ও রাজি হয়নি।’’

একই সঙ্গে মমতা বলেন, ‘‘প্রতিবার নির্বাচনের সময়ে পার্থকে বন্দি করে রাখা হয়েছে। কেষ্টকে জেলে আটকে রাখলে কী হবে?’’ একই সঙ্গে মমতা বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন। বলেন, ‘‘ঝাড়খণ্ডেও সরকার ফেলার চক্রান্ত হয়েছিল। ১০ কোটি টাকা দিয়ে বিধায়ক কেনাবেচা চলছিল। হাতেনাতে ধরে ফেলেছি।’’

কেষ্টর কথা বলতে গিয়ে মমতা অনুব্রতর শারীরিক ও পারিবারিক পরিস্থিতির কথাও উল্লেখ করেন। জানান, গত কয়েক বছর ধরে অনুব্রত নানা রকম শারীরিক সমস্যায় ভুগছে। স্ত্রীকে হারিয়েছে। এমনকি ক্যান্সার আক্রান্ত স্ত্রী নিজের চিকিৎসার সময়ে পাশে থাকার বদলে অনুব্রতকে পঞ্চায়েত নির্বাচনের কাজে মন দিতে বলেছিলেন বলে উল্লেখ করেন মমতা।

রবিবার মমতা বলেন, ‘‘বিজেপি আমায় ভয় পাচ্ছে। তাই সকাল থেকে কী ভাবে আমার ইমেজ নষ্ট করবে তার চেষ্টা চালিয়ে যায়।’’ ঝাড়খণ্ড সরকার ভাঙার যে চেষ্টা বিজেপি করেছিল তা বাংলার পুলিশ ভেস্তে দিয়েছে বলেও দাবি করেন মমতা।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ