Anubrata Mondol : অনুব্রত মণ্ডলের গাড়িতে লালবাতি ব্যবহার নিয়ে হাইকোর্টে মামলা, চাপে এই টিএমসি নেতা
বাংলার জনরব ডেস্ক : তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জনস্বার্থে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। অনুব্রত মণ্ডল সাংসদ কিংবা বিধায়ক নয় এমনকি মন্ত্রীও নয় সরকারের কোনো গুরুত্বপূর্ণ পদে তিনি অধিষ্ঠিত নয় তা সত্ত্বেও কেন লালবাতি গাড়ি ব্যবহার করেন তা নিয়েই দায়ের করা হয়েছে জনস্বার্থ মামলা।
জনা গিয়েছে, বরাবরই লালবাতি লাগানো গাড়িতে ঘোরেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। চলতি মাসের শুরুতে সিবিআই তলবে সাড়া দিতে যখন কলকাতা এসেছিলেন কেষ্ট, তখনও সেই গাড়িতেই এসেছিলেন। পরের দিন হাসপাতালেও গিয়েছিলেন লালবাতি লাগানো গাড়িতে। সেই সময়ই শুরু হয়েছিল, নানারকম আলোচনা। প্রশ্ন উঠছিল, আদৌ অনুব্রত মণ্ডল কি লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করতে পারেন? এবার সেই লালবাতির জন্যই আইনি জটে অনুব্রত।

শুক্রবার অনুব্রত মণ্ডলের গাড়িতে লালবাতি লাগানো নিয়ে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা করেন আইনজীবী তথা বিজেপি নেতা তরুনজ্যোতি তিওয়ারি। একজন জেলা সভাপতি কীভাবে লালবাতি লাগানো গাড়ি চড়ছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে খবর।
উল্লেখ্য, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, কেউই ব্যক্তিগত গাড়িতে লালবাতি ব্যবহারের অনুমতি পান না। মন্ত্রী, বিধায়ক, সাংসদরাও নন। অ্যাম্বুল্যান্স ও দমকলের গাড়িতে নীলবাতি ব্যবহারের অনুমতি রয়েছে। সেক্ষেত্রে কীভাবে অনুব্রত দীর্ঘদিন ধরে লালবাতি লাগানো গাড়ি চড়লেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।

