পুলিশের স্টিকার লাগানো গাড়ি চড়ে দুষ্কৃতী হামলা! সোনারপুরের ভরা বাজারে চলল গুলি , আতংকিত সাধারণ মানুষ
বাংলার জনরব ডেস্ক : গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারপুর থানার অদূরে ভরা বাজারে পুলিশের স্টিকার লাগানো গাড়ি থেকে নেমে এক দুষ্কৃতী হুমকি দেওয়ার পাশাপাশি ব্ল্যাংক ফায়ার বা শূন্যে গুলি চালায় বলে অভিযোগ। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। তবে সোনারপুর থানার নাকের ডগার উপর যেভাবে দুষ্কৃতীরা কাজ করছে তা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। একইসঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধে নাগাদ গোপাল নামে এক ব্যাক্তি ব্রিজের তলায় মাছের আড়তের কাছে এসে উপস্থিত হয়। এর অদূরেই সোনারপুর পুলিশ স্টেশন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, তার গাড়িতে ‘পুলিশ’ স্টিকার লাগানো ছিল। অভিযোগ, মাছের আড়তে থাকা লোকজনকে হুমকি দেয় গোপাল। তারপরই বন্দুক হাতে শূন্যে এলোপাথাড়ি গুলি (Blank Fire) চালাতে থাকে। যদিও গুলিতে কেউ জখম হয়নি। গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গোপাল।

পুলিশের নাকের ডগায় দিনেদুপুরে ভরা বাজারে এভাবে গুলিচালনার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোনারপুর থানার কাছেই এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ী থেকে সাধারণ বাসিন্দা সকলেই। এর আগেও সোনারপুর এলাকায় এভাবে দুষ্কৃতী তাণ্ডব দেখা গিয়েছে।
তবে এবার ‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পুলিশ প্রশাসনের কপালেও। গোপাল নামে ওই দুষ্কৃতী এখনও অধরা। পুলিশ তার খোঁজে নেমেছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা, নজরদারি।

