জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা’র সঙ্গে গোপন যোগাযোগ থাকার অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন এনআইএ র আধিকারিক
বাংলার জনরব ডেস্ক: জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা’র সঙ্গে গোপন যোগাযোগ থাকার অভিযোগে নিজেদেরই এক প্রাক্তন আধিকারিককে গ্রেপ্তার করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)।
শুক্রবার নয়াদিল্লি থেকে আইপিএস অফিসার অরবিন্দ দিগ্বিজয় নেগিকে গ্রেপ্তার করে এনআইএ। তদন্তকারী সংস্থাটির প্রাক্তন এসপি ছিলেন ওই আধিকারিক। এক সময় জম্মু ও কাশ্মীরে কর্মরত ছিলেন তিনি। হুরিয়ত কনফারেন্স নেতাদের আর্থিক লেনদেন ও জঙ্গিযোগ নিয়েও তদন্ত করেছিলেন তিনি বলে সূত্রের খবর।
তাঁর বিরুদ্ধে অভিযোগ, এনআইএ-র সঙ্গে কাজ করার সময় পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার হাতে বেশ কিছু গোপন নথি তুলে দিয়েছিলেন নেগি। পাশাপাশি পাকিস্তানের কুখ্যাত গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হাতেও তিনি তথ্য পাচার করতেন বলে জানা গিয়েছে।
ওই তথ্যপাচারের ঘটনায় এর আগে ছ’জনকে গ্রেপ্তার করা হয়ছে। ঘটনার তদন্তে নেমে নেগির বিতর্কিত ভূমিকার কথা জানতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। এনআইএ-র মুখপাত্র জানিয়েছেন, নেগির ভূমিকা ইতিমধ্যেই যাচাই করে দেখা হয়েছে। তাঁর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। একজন সৎ এবং সাহসী অফিসার হিসাবেই নেগি পরিচিত পুলিশ মহলে। ২০১৭ সালে পুলিশ মেডেল পেয়েছেন তিনি। সাহসিকতার জন্যে তাঁকে সম্মানিত করেছিল ভারত সরকার। তাই এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে মোদি সরকার।

