শিলিগুড়ি পুরসভাতেও তৃণমূলের জয় জয়কার, মেয়র হচ্ছেন জয়ের প্রধান কান্ডারী গৌতম দেব ঘোষণা মমতার
বাংলার জনরব ডেস্ক : প্রথমবার তৃণমূল কংগ্রেস শিলিগুড়ি পৌরসভার বোর্ড গঠন করতে চলেছে। বিপুল ভোটে জয়লাভ করার পর নতুন পুর বোর্ড এর মেয়র ঠিক করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের যেভাবে শিলিগুড়ি সহ উত্তর বঙ্গে বিজেপি জয়যাত্রা অব্যাহত রেখেছিল তা নিয়ে অনেকটাই তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে ছিল। পুরসভার নির্বাচনে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ পেয়েছিল তৃণমূল সেই সুযোগকে পুরোমাত্রায় কাজে লাগালেন গৌতম দেব। তারই পুরস্কার পাচ্ছেন গৌতম দেব, তিনি শিলিগুড়ি পৌরসভার প্রথম তৃণমূল কংগ্রেসের মেয়র হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন।
সম্ভবত গৌতম দেবই প্রথম ভোটের ফলাফল বের হওয়ার পরে পরেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নাম মেয়র পদের জন্য ঘোষণা করে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজ সোমবার উত্তরবঙ্গ রওনা হওয়ার কথা নিশ্চয়ই সেখানে গিয়ে কথা বলবেন গৌতম দেবের সঙ্গে।

গত বিধানসভা নির্বাচনে এই হেভিওয়েট মন্ত্রী হেরে গিয়েছিলেন বিজেপি প্রার্থীর কাছে। তারপর থেকে কার্যত উত্তরবঙ্গের এই জাদরেল প্রাক্তন মন্ত্রী অনেকটাই এক ঘরে হয়ে পড়েছিলেন। শিলিগুড়ি পৌরসভায় তৃণমূলের জয় নিশ্চিত করার পর গৌতম দেব পুনরায় রাজনীতির পাদপ্রদীপে ফিরে এলেন বলে রাজনৈতিক মহল মনে করছেন।
শিলিগুড়ি পৌরসভার জয়লাভের খবরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপ্লুত হয়ে পড়েছেন তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘আমি খুশি। শিলিগুড়িতে জয়ের খবর নিয়ে যাচ্ছি। এটা আমার কাছে বড় ব্যাপার। গৌতম দেব মেয়র হবে শিলিগুড়ির। কারণ ও প্রবীণ নেতা। অন্য জায়গাগুলিতে দল সিদ্ধান্ত নেবে।’’
মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা, শিলিগুড়িতে এই জয় এসেছে রাজ্য সরকারের উন্নয়নের হাত ধরে। তাঁর কথায়, ‘‘শিলিগুড়িতে আজ কত উন্নয়ন হচ্ছে। শিলিগুড়ি থেকে ভুটান, নেপাল, বাংলাদেশের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়। সেখানে রাস্তা, ফ্লাইওভার, ভোরের আলো এমন সব নানা প্রকল্প আমরা নিয়েছি।’’
জয়ের পর ভাবি মেয়র গৌতম দেব এর প্রতিক্রিয়া , ‘‘শিলিগুড়ির মানুষের হয়ে আজ আমরা দিদিকে অর্ঘ্য নিবেদন করব। এই জয় শিলিগুড়ির মানুষকে উৎসর্গ করছি।’’

