দেশ 

TMC: রাজ্যপাল জগদীপ ধনকড়কে সরাতে এ বার রাজ্যসভায় প্রস্তাব আনতে চেয়ারম্যানকে চিঠি দিলেন তৃনমূল সাংসদ সুখেন্দুশেখর রায়

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : রাজ্যপাল জগদীপ ধনকড়কে তার পদ থেকে সরানোর দাবিতে এবার রাজ্যসভায় প্রস্তাব আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। সংবিধানের ১৭০ নম্বর ধারা অনুযায়ী রাজ্যসভায় এই প্রস্তাব এনেছে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই রাজ্যসভার চেয়ারম্যানকে এ-বিষয়ে চিঠি দিয়ে দৃষ্টি আকর্ষণ  করা হয়েছে বলে জানা গেছে।আজ শুক্রবার ধনকড়কে রাজ্যপালের পদ থেকে সরানোর দাবিতে রাজ্যসভায় স্বতন্ত্র প্রস্তাব আনেন তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায়। ১৭০ ধারায় রাজ্যসভায় এই প্রস্তাব এনে তৃণমূলের অভিযোগ, যে ভাবে রাজ্যপাল ধনখড় রাজ্যের প্রতিটি প্রশাসনিক কাজের সমালোচনা করছেন, প্রতিনিয়ত সে নিয়ে সংবাদমাধ্যম এবং নেটমাধ্যমে মন্তব্য করছেন তা গুরুতর বিষয়। তাই রাষ্ট্রপতির মাধ্যমে রাজ্যপালকে অপসারণের দাবি জানাচ্ছেন তাঁরা।

উল্লেখ্য, স্বতন্ত্র প্রস্তাব নিয়ে পদক্ষেপের জন্য রাজ্যসভার চেয়ারম্যানের সম্মতির প্রয়োজন। তিনি যদি এতে সম্মতি দেন তবে প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা হবে। সে ক্ষেত্রে রাজ্যপাল জগদীপ ধনকড়কে সরানো নিয়ে সংসদের উচ্চকক্ষে আলোচনা হবে। একমাত্র রাষ্ট্রপতিই যে হেতু রাজ্যপালকে নিয়ে এ হেন পদক্ষেপ করতে পারেন, চিঠিতে তাঁর কাছেও আবেদন জানানো হয়েছে তৃণমূলের তরফে।

এর আগেও অবশ্য রাজ্যপালকে অপসারণের আবেদন নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে আবেদন জানিয়েছে তৃণমূল। লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় খোদ রাষ্ট্রপতির কাছে এই আবেদন করেছিলেন। সংসদে অধিবেশন শুরুর প্রথম দিন সেন্ট্রাল হলে রাষ্ট্রপতিকে এ বিষয়ে জানান সুদীপ। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই বিষয়ে কথা বলেন তৃণমূলের আর এক সাংসদ সৌগত রায়। এ বার রাজ্যপালের বিরুদ্ধে স্বতন্ত্র প্রস্তাব আনা হল রাজ্যসভায়।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ