কাউন্সেলিং আমাদের দৃঢ়তা দেয়, বুঝতে শেখায় জীবনের চড়াই-উৎরাই। ছাত্র-ছাত্রীদের নিয়ে জিডি স্টাডি সার্কেল ও স্যান্ডফোর্ড অ্যাকাডেমির অনলাইন কর্মশালায় বললেন মনোবিদ সঞ্জিত সেনগুপ্ত
আকাশ পারভেজের প্রতিবেদন : জিডি স্টাডি সার্কেল ও স্যান্ডফোর্ড অ্যাকাডেমির যৌথ উদ্যোগে রাজ্যের বিভিন্ন মিশনের মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের নিয়ে দু’দিনব্যাপী কর্মশালা আজ রবিবার শেষ হল।
মাধ্যমিক ২০২২ এর চূড়ান্ত প্রস্তুতি কীভাবে — এই বিষয়ে দু’দিন কর্মশালার প্রথম দিন ছিল বাংলা, ইতিহাস, জীবন বিজ্ঞান এবং গণিত আর দ্বিতীয় দিন রবিবার ছিল ভৌত বিজ্ঞান, ইংরেজি এবং ভূগোল।

দুদিন ব্যাপী কর্মশালার সবশেষে ছিল ছাত্র-ছাত্রী, তাদের অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাউন্সেলিং সেশন। মূল আলোচ্য বিষয় ছিল, ছাত্র ছাত্রীদের মধ্যে মানসিক সমস্যা, সংকট ও তা থেকে উত্তরণের উপায়। অধিবেশনটি পরিচালনা করেন বিশিষ্ট মনোবিদ সঞ্জিত সেনগুপ্ত। দীর্ঘ আলোচনার পর ছাত্র-ছাত্রী ও শিক্ষক -শিক্ষিকাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। পড়াশোনা কেন মনে থাকে না, কন্সেন্ট্রেশন পুরোপুরি আসার উপায় কী, মানসিক স্ট্রেস কখন হয়, কিভাবে তা দূরীভূত হয়। কারো প্রশ্ন ছিল জল দেখলে ভয় পায় কিংবা অনেক সময় আকাশ নিয়ে ভাবলে ভীতি জন্মায়। মাস্টারমশাইদের মধ্যে প্রশ্ন ছিল, আদর্শ ক্লাস কেমন হবে, ৪০ মিনিট বা এক ঘন্টা ক্লাস কেমন ভাবে করলে তা ছাত্র-ছাত্রীদের জন্য চিত্তাকর্ষক হবে।

ক্রাইসিস ইন্টারভেনশন এর কর্ণধার মনোবিদ সঞ্জিত সেনগুপ্ত বলেন, কাউন্সেলিং আসলে সবার জন্যই খুবই জরুরি একটি বিষয়। যা আমাদেরকে দৃঢ়তা দেয়, বুঝতে শেখায় যে, জীবনের সব দিন সমান যায় না ।বিশেষ করে আমরা যখন জটিল পরিস্থিতিতে পড়ে কিছুটা দিশেহারা হয়ে পড়ি, তখন কাউন্সেলিং খুবই সাহায্য করে। কাউন্সেলিং -এর মাধ্যমে জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের নিজেদের সম্পর্কে আমরা জানতে পারি এবং গঠনমূলক উপায়ে বিভিন্ন প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করতে সাহস পাই। এসব কিছু আমাদের জীবনের সর্বাঙ্গীন বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

দুদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিভিন্ন মিশনের প্রায় ৬০০ ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা। অনেক অভিভাবকরাও উপস্থিত ছিলেন এ কর্মশালায়।

কর্মশালার সূচনা করেন বিশিষ্ট প্রশাসক অবসরপ্রাপ্ত আইএএস শেখ নুরুল হক এবং শেখ জসিম উদ্দিন মন্ডল। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন উজ্জ্বল বন্দোপাধ্যায়, দেবজিত মান্না, ড.স্বাগতা বসাক, গৌরাঙ্গ সরখেল, নায়ীমুল হক, পলাশ ঘোষ, মোস্তফা হাবিব, মিতালী মুখার্জী প্রমূখ।
সমাপ্তি অধিবেশনে ছিলেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. দুর্জয় মজুমদার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্যান্ডফোর্ড অ্যাকাডেমির এক্সিকিউটিভ ডাইরেক্টর পান্থ মল্লিক।

