ভোটের প্রচারে চকোলেট কুড়োতে গিয়ে শিশুর মৃত্যু! পরিবারের সদস্যদের সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী
৬ অক্টোবর নন্দীগ্রাম (Nandigram) ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা (Rejinagar) কেন্দ্রের উপনির্বাচন। ভোটের কাউন্টডাউন শুরু হতেই কেন্দ্রগুলিতে রাজনৈতিক প্রচার প্রতিযোগিতা শুরু হয়েছে। কিন্তু সেই প্রচারের মাঝেই ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ছয় বছরের শিশু জাসমিনা খাতুনের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল রেজিনগরে।
বৃহস্পতিবার উপনির্বাচনী প্রচারে জেলা সফরে পৌঁছেই সভার আগে মৃত জাসমিনার বাসভবনে সশরীরে হাজির হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। স্বজনহারা পরিবারের পাশে বসে তাঁদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। জানালেন, নির্বাচনী আচরণবিধি থাকায় তাঁর হাত-পা বাঁধা। ভোট মিটলে তিনি অবশ্যই পাশে দাঁড়াবেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রেজিনগরে নির্বাচনী প্রচারে বেরিয়েছিল ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’ (ঋতব্রতপন্থী তৃণমূল)। দলের প্রচার গাড়ি থেকে উৎসুক শিশুদের লক্ষ্য করে ক্রমাগত ছুড়ে দেওয়া হচ্ছিল চকোলেট। মাইকের আওয়াজ ও চকোলেটের আকর্ষণে চত্বরে ছুটে গিয়েছিল ছোট্ট জাসমিনা। কিন্তু অভিযোগ, গাড়ি থেকে ছুড়ে দেওয়া চকোলেট কুড়োতে গিয়ে হুড়োহুড়ির মধ্যে আচমকা পড়ে মারাত্মক আঘাত পায় শিশুটি। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বেলডাঙা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটায় তাকে দ্রুত স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পরবর্তীতে উন্নত চিকিৎসার আশায় কলকাতার এনআরএস (NRS) হাসপাতালে আনা হলেও শেষ রক্ষা হয়নি; এনআরএসে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই গত রবিবার মৃত্যু হয় শিশুটির।
বৃহস্পতিবার মুর্শিদাবাদে দলীয় জনসভায় যোগ দিতে আসার আগেই সোজা রেজিনগরে নিহতের ভিটেয় পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শোকাচ্ছন্ন বাবা-মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। অভিশপ্ত দিনে প্রচার গাড়ির ভূমিকা ও ঘটনার বিস্তারিত খতিয়ান শোনেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে শোকস্তব্ধ পরিবারকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী জানান, এই কঠিন ও যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে রাজ্য সরকার ও প্রশাসন পূর্ণাঙ্গ ভাবে তাঁদের পাশে রয়েছে।

