কলকাতা 

তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘট, রবিবার ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত কর্তৃপক্ষের!

শেয়ার করুন

দেশজুড়ে প্রস্তাবিত তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটের আগে বিশেষ পদক্ষেপ করল কেন্দ্র। আগামী ২৭ সেপ্টেম্বর, রবিবার, দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের শাখা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাহকদের ব্যাঙ্কিং পরিষেবা যাতে দীর্ঘ সময় ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনুমোদন নিয়েই এই সিদ্ধান্ত।

ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস বা ইউএফবিইউ-এর ডাকে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ধর্মঘটের কথা রয়েছে। মূল দাবি, ব্যাঙ্কিং ক্ষেত্রে পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা। ২২ সেপ্টেম্বরের বৈঠকের পরেও দাবি নিয়ে সমাধান না হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করেনি ইউনিয়নগুলি। ফলে ২৮, ২৯ এবং ৩০ সেপ্টেম্বর ধর্মঘট হওয়ার কথা।

সমস্যা তৈরি হয়েছে ধর্মঘটের ঠিক আগের দু’দিন ঘিরে। ২৬ সেপ্টেম্বর শনিবার এবং ২৭ সেপ্টেম্বর রবিবার হওয়ায় স্বাভাবিক নিয়মেই শাখাভিত্তিক পরিষেবা বন্ধ থাকার কথা ছিল। তার পর ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ধর্মঘট। ফলে সাধারণ গ্রাহক এবং ব্যবসায়ীদের জন্য টানা পাঁচ দিন শাখায় গিয়ে ব্যাঙ্কিং পরিষেবা নেওয়া কঠিন হয়ে পড়ত। কেন্দ্রের বক্তব্য, এই পরিস্থিতিতে রবিবার শাখা খোলা রাখলে ধর্মঘটের আগে জরুরি কাজ সেরে নেওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা।

২৭ সেপ্টেম্বর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের সাধারণ শাখাগুলি খোলা থাকবে। প্রশাসনিক অফিস এবং কারেন্সি চেস্টগুলিও সচল রাখার ব্যবস্থা করা হয়েছে। ব্যাঙ্কগুলিকে গ্রাহকদের প্রয়োজনীয় পরিষেবা দেওয়ার পাশাপাশি এটিএমে পর্যাপ্ত নগদ রাখার ব্যবস্থাও করতে বলেছে মন্ত্রক।

তবে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ধর্মঘট হলে শাখাভিত্তিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছেই। এসব ক্ষেত্রে এটিএম, ইউপিআই, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের মতো ডিজিটাল পরিষেবা চালু থাকবে। তবে চেক ক্লিয়ারিং, নগদ লেনদেন বা শাখায় গিয়ে করাতে হয় এমন কাজের ক্ষেত্রে সমস্যা হতে পারে।

এদিকে কেন্দ্রীয় সরকার এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষ ধর্মঘট না করার আবেদন জানিয়েছে। অর্থ মন্ত্রকের বক্তব্য, ইউনিয়নগুলির একাধিক দাবির মধ্যে পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ বা পিএলআই নিয়ে একটি দাবি ইতিমধ্যেই স্থগিত রাখা হয়েছে। পাঁচ দিনের কর্মসপ্তাহের দাবি নিয়ে আলোচনার প্রক্রিয়া চলছে।

ফলে ধর্মঘটের আগে ২৭ সেপ্টেম্বর রবিবার ব্যাঙ্ক খোলার সিদ্ধান্তে কিছুটা স্বস্তি মিললেও, ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর শাখাভিত্তিক পরিষেবা কতটা স্বাভাবিক থাকবে, তা নির্ভর করবে ধর্মঘটের পরিস্থিতির উপর।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ