‘অনুমতি চাওয়া হয়নি সম্পূর্ণ বেআইনি কর্মসূচি’ আগামীকালের নবান্ন অভিযান নিয়ে এমনই দাবি করলেন রাজ্য পুলিশের কর্তা
বিশেষ প্রতিনিধি : আর জি কর কাণ্ডের প্রতিবাদে আগামীকাল ২৭ এ আগস্ট নবান্ন অভিযানের যে ডাক তথাকথিত রাজনৈতিক সংগঠন নামে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ দিয়েছে তা আইনত বৈধ নয় বলে আজ সোমবার জানিয়েছে পুলিশ। রাজ্য পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে নবান্ন অভিযান করার জন্য কোন আগাম অনুমতি চাওয়া হয়নি এটা সম্পূর্ণ বেআইনি।
সোমবার নবান্নে (Nabanna) সাংবাদিকদের মুখোমুখি হয়ে ADG, আইনশৃঙ্খলা মনোজ বর্মা বলেন, ”কোনও ছাত্র সংগঠনের তরফে আমাদের কাছে ২৭ আগস্টের অভিযান নিয়ে কোনও অনুমতি চায়নি। নবান্ন উচ্চ নিরাপত্তার (High Security Zone) এলাকা। রাজ্যের প্রশাসনিক ভবন। এখানে কোনও অনুমতি ছাড়া কোনও কর্মসূচি পালন করা যায় না। তাই এই মিছিল বেআইনি।” তাঁর আরও সতর্কবার্তা, এর আড়ালে প্রতিবাদীদের সঙ্গে মিশে কেউ বা কারা অশান্তি ছড়াতে পারে। সাধারণ মানুষকে এসব থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছে পুলিশ। যদিও মঙ্গলবার শহরের আইনশৃঙ্খলা বজায় রাখতে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে।
রাজ্যের এডিজি, আইনশৃঙ্খলা মনোজ বর্মা বলেন, ”নবান্ন নয়, অন্য কোনও জায়গায় এই মিছিলের অনুমতি চাইলে পুলিশ তা দিতে প্রস্তুত। আর তাছাড়া ২৭ তারিখ NET আছে। পরীক্ষা দেবেন বহু পরীক্ষার্থী। তাঁদের যাতে পথেঘাটে কোনও সমস্যা না হয়, তার জন্য় পুলিশ সবরকমভাবে তৈরি। রাস্তায় অতিরিক্ত বাস থাকবে।” গোয়েন্দা দফতরের রিপোর্টে এই বেআইনি মিছিলের আড়ালে দুষ্কৃতীরা ঢুকে অশান্তি বাঁধাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, এমনই জানিয়েছেন মনোজ বর্মা।
এডিজি, দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের অভিযোগ, যারা অভিযানের ডাক দিয়েছে, সেই ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে কোনও সংগঠনের অস্তিত্বই নেই। তাদের সোশাল মিডিয়া (Social Media) পেজটি প্রকাশ করে তাঁর দাবি, সদস্যদের বেশিরভাগই বিজেপি, এবিভিপির সদস্য। তাঁর কথায়, ”যারা আর জি করের ঘটনার মতো স্পর্শকাতর ইস্যুতে এত বড় একটা মিছিল সংগঠিত করতে চায়, তাদের কি উচিত না সময়মতো পুলিশের অনুমতি চাওয়া? একটা কর্মসূচি ঘোষণা করেই কি দায় সারা হয়ে যায়? এ থেকেই বোঝা যায় আসলে তারা কতখানি গুরুত্ব দিচ্ছে।”
এ বিষয়ে সুপ্রতিম সরকারের আরও পর্যবেক্ষণ, কোনও ছাত্র সংগঠন এমন একটা দিনে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে, যেদিন সর্বভারতীয় স্তরে বড় পরীক্ষা আছে। যা কিনা ছাত্র স্বার্থ বিরোধী। তারা কি সত্যই আসল ছাত্র? প্রশ্ন তুলেছেন তিনি। তবে রাস্তায় পরীক্ষার্থীদের যে কোনও রকম অসুবিধায় পুলিশ সাহায্যের জন্য প্রস্তুত বলে আশ্বাস দিয়েছেন এডিজি, দক্ষিণবঙ্গ।

