কলকাতা 

বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরীকে বাগে আনতে নামানো হলো ফিরহাদকে, শান্ত হবে কি? প্রবীন এই বিধায়ক!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে যোগ দেননি ইসলামপুরের বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরী। ১১ বারের বিধায়ক আব্দুল করিম চৌধুরী বিভিন্ন ইস্যুতে নিশানা করেছেন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। গতকাল বৈঠকে না থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আব্দুল করিম চৌধুরী বলেছিলেন, তিনি তো বিদ্রোহী বিধায়ক তাই তার কোন প্রয়োজন নেই ওই বৈঠকে যোগ দেওয়ার। কেউ তাকে খবর দেননি, একজন ফোন করেছিলেন আমার ছেলে ধরেছিল তাকে বলে দেয়া হয়েছে আমি যাব না।

শুক্রবারের রেশ কাটতে না কাটতে ই আজ সকালেই বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরীর সঙ্গে টেলিফোনে কথা বললেন কলকাতা পৌরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। মনে করা হচ্ছে বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরীকে নিয়ন্ত্রণে আনার জন্য ফিরহাদ হাকিমকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশমতো আজ ফিরহাদের সঙ্গে আব্দুল করিম চৌধুরীর কথা হয় বলে সূত্রের খবর।

Advertisement

তবে কী কথা হয়েছে তা জানা না গেলেও কথা যে হয়েছে সে কথা সাংবাদিক এর কাছে স্বীকার করেছেন ফিরহাদ হাকিম।

এ প্রসঙ্গে ফিরহাদ বলেন, ‘‘আমার সঙ্গে করিমদার সম্পর্ক দীর্ঘ দিনের। আমাদের সম্পর্ক এখন পারিবারিক। কী কথা হয়েছে, তা বলব না। তবে কোনও সমস্যা নেই।’’

উল্লেখ্য, গত বছর বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে প্রবল অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছিলেন ইসলামপুরের প্রবীণ বিধায়ক করিম। প্রশ্ন তুলেছিলেন, মুখ্যমন্ত্রী বিধানসভায় অনুপস্থিতির কারণ নিয়ে। সম্প্রতি আবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার মাটিকুন্ডা-১ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মাটিকুন্ডা এলাকায় বোমার আঘাতে এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়। সেই মৃত্যু নিয়েও দলের একাংশের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করে নির্দল প্রার্থী হিসেবে ভোট লড়ার হুমকি দেন। কিন্তু শনিবার তাঁর সঙ্গে কথা বলার পর আশ্বস্তই দেখিয়েছে ফিরহাদকে।

তবে প্রবীণ বিধায়ক আব্দুল করিম চৌধুরী প্রকৃত অর্থেই শান্ত হয়েছে কিনা তা বোঝা যাবে কয়েকদিন পরে। ফিরহাদ হাকিম কথা বলার পর যদি আব্দুল করিম চৌধুরী বিদ্রোহী হিসাবে থেকে যান তাহলে উত্তরবঙ্গে তৃণমূলের সংগঠন অনেকটাই ভেঙে পড়বে বলে, রাজনৈতিক মহল মনে করছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ