কলকাতা 

২৪ শে নভেম্বর পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের বিরুদ্ধে ইডি কোনো পদক্ষেপ করতে পারবে না

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আগামী ২৪ শে নভেম্বর পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের বিরুদ্ধে ইডি কোনো পদক্ষেপ করতে পারবে না। মেনকাকে দেওয়া আদালতের রক্ষাকবচের বিরোধিতা করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে আবেদন করেছিল ইডি। বৃহস্পতিবার আদালত জানিয়ে দিল, আপাতত এই সংক্রান্ত পুরনো যে নির্দেশ আদালত দিয়েছিল, তা-ই বহাল থাকবে। আদালত জানিয়েছে, আগামী ২৪ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

গরু পাচার মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা মেনকা গম্ভীরকে বিশেষ রক্ষা কবচ দিয়েছিল। আর এর বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেছিল ইডি। এ ব্যাপারে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতিও দিয়েছিল। বৃহস্পতিবার ছিল ওই মামলার শুনানি। কিন্তু মামলাটি আদালতে উঠলেও মেনকার আইনজীবী উপস্থিত ছিলেন না। তাই বিচারপতির কাছে আরও কিছু দিন সময় চাওয়া হয়। এর পরই ২৪ নভেম্বর পর্যন্ত মামলাটির শুনানি স্থগিত রাখা নির্দেশ দেয় আদালত। জানিয়ে দেয়, তার আগে পর্যন্ত সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল থাকবে।

এর আগে কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ ইডিকে নির্দেশ দিয়েছিল, মেনকা গম্ভীরকে যেন কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি, আপাতত গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপ করার ক্ষেত্রেও মেনকাকে রক্ষাকবচ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। সেই রক্ষাকবচকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন ইডির আইনজীবী।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ