সাংসদ আবু তাহের খানের গাড়ির ধাক্কায় মৃত্যু শিশুর, বিক্ষোভ এলাকার বাসিন্দাদের
বাংলার জনরব ডেস্ক : মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খানের গাড়ির ধাক্কায় মৃত্যু এক শিশুর। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের নওদায়। রাস্তা অবরোধ করে প্রবল বিক্ষোভ শুরু করেছেন স্থানীয়রা। অন্য দিকে, তৃণমূল সাংসদের যুক্তি, ‘‘গাড়ি চালকের কিছু করার ছিল না। শিশুটি হঠাৎ গাড়ির সামনে চলে এসেছে।’’
সূত্রের খবর, সাংসদ আবু তাহের বাড়ি থেকে বেরিয়ে নিজস্ব গাড়ি করে বহরমপুরের দিকে আসছিলেন। নওদা পিপড়েখালি এলাকায় একটি বাচ্চা ছুটে রাস্তা পার হওয়ার সময় সাংসদের গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে। ৬-৭ বছর বয়সি ওই শিশুটিকে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়তে দেখে ছুটে আসেন স্থানীয়রা।
সাংসদ নিজের গাড়িতেই আহত শিশু ও তাঁর মাকে তুলে নিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যান। শিশুটির চিকিৎসার সময় তিনি নিজেও হাসপাতালে দাঁড়িয়ে ছিলেন। তবে পরে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে খবর। স্থানীয় সূত্রে খবর, শিশুটির বাড়ি নওদা ব্লকে। নাম হাসিম সরকার।

