মমতার ডাকে সাড়া দিয়ে নবান্নে এলেন না আনিসের বাবা, মুখ্যমন্ত্রী কেন নিজে আনিসের বাড়ি যাবেন না ! প্রশ্ন আম জনতার
বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিলেন না, আনিসের বাবা। আজ বিকেল তিনটে নাগাদ নবান্নে নিহত আনিসের বাবাকে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু শারীরিক অবস্থা ভাল না থাকায় তিনি নবান্নে যেতে পারেননি বলে জানান আনিসের বাবা। তবে মুখ্যমন্ত্রী দেখা করতে এলে আসতে পারেন বলে জানান তিনি। আনিসের দাদার দাবি, মুখ্যমন্ত্রী তাঁর বাবার কাছে এসে আশ্বাস দিলে ভাল হবে। মুখ্যমন্ত্রীকে তাঁদের বাড়ি আসার আবেদন জানিয়েছেন তিনি।
একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা থাকলেও পুলিশের উপর একেবারেই আস্থা নেয়। স্পষ্ট জানিয়ে দিলেন হাওড়ার আমতায় মৃত আনিস খানের দাদা। সোমবার আনিসের মৃত্যু নিয়ে সিট গঠন করে ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরই এই মন্তব্য আনিসের দাদার। সিট-এর পরিবর্তে সিবিআই-এর তদন্তেরও দাবি করেন তিনি।

সোমবারের সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘‘আনিসের ব্যাপারে সরকার নিরপেক্ষ তদন্ত করবে। এটা দুর্ভাগ্যজনক ঘটনা। দোষীদের ছেড়ে দেওয়া হবে না। জীবন ফিরিয়ে দিতে পারব না। সেটা তো আমার হাতে নেই। তবে পরিবার আমাদের উপর আস্থা রাখুক। এর কোনও ক্ষমা নেই।’’
সাধারণ মানুষের প্রশ্ন রিজওয়ানুর কাণ্ডের সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মৃতের বাড়িতে গিয়েছিলেন। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনিও গিয়েছিলেন তবে দেরিতে। আনিসের বাড়িতে কেন যাবেন না মুখ্যমন্ত্রী। তিনি তো নিজে বলে থাকেন আমিই সব। ভোটের সময় তিনি বলেছিলেন ২৯৪ আসনে আমি প্রার্থী। আমাকে দেখে ভোট দিন। আনিসের বেলায় কেন তিনি নিজে নিহত আনিসের বাবার সঙ্গে দেখা করতে যাবেন না ? এই প্রশ্ন আম জনতার।

