“কংগ্রেস ক্ষমতার স্বার্থে সংবিধানকে দুর্বল করেছে।” সংবিধান দিবসে দাবি মোদির
‘সংবিধান খতরে মে হ্যায়।’ ২০২৪ লোকসভা নির্বাচনে এই স্লোগান তুলে বিজেপিকে ভালোরকম ধাক্কা দিয়েছিলেন রাহুল গান্ধী। এবার সেই সংবিধান রক্ষার মন্ত্রকে হাতিয়ার করেই পালটা কংগ্রেস-সহ বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেসকে অরাজকতাবাদী এবং অবরোধ পক্ষ বলে দাবি করে প্রধানমন্ত্রী অভিযোগ করলেন, “ওরা ক্ষমতার স্বার্থে সংবিধানকে দুর্বল করেছে।”
প্রধানমন্ত্রীর দাবি, কংগ্রেস ওবিসিদের জন্য নির্ধারিত সংরক্ষণ কমিয়ে তাতে মুসলিমদের জায়গা দিতে চায়। সংবিধান দিবস উপলক্ষে এক নিবন্ধে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘এটা খুব উদ্বেগজনক যে দেশের সবচেয়ে বড় বিরোধী দল ওবিসিদের সংবিধানপ্রদত্ত সংরক্ষণের অধিকার কেড়ে নিয়ে মুসলিমদের জন্য সংরক্ষণ আনতে চায়। আমাদের সংবিধানপ্রণেতারা কঠোরভাবে এই ধরনের পদক্ষেপের বিরোধিতা করেছিলেন। বিশেষ করে ডঃ বাবাসাহেব আম্বেদকর এর ঘোর বিরোধী ছিলেন।’
বস্তুত, কংগ্রেস বা বিরোধীরা কখনও ঘোষণা করেনি যে তারা ওবিসি সংরক্ষণ কমিয়ে মুসলিমদের জন্য সংরক্ষণ চালু করতে চায়। তবে কর্নাটকের মতো কংগ্রেস শাসিত রাজ্যে মুসলিমদের একটা অংশকে ‘ওবিসি’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। তামিলনাড়ুতেও এই ধরনের ওবিসি সংরক্ষণের আওতায় রয়েছে মুসলিমদের একাংশ। প্রধানমন্ত্রী এর আগেও অভিযোগ এনেছেন কেন্দ্রীয় স্তরে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চালু করতে চায় কংগ্রেস। আসলে সামনে উত্তরপ্রদেশে নির্বাচন। সম্ভবত সেই ভোটের কথা মাথায় রেখেই ওবিসিদের মধ্যে মুসলিম ভীতি তৈরির চেষ্টা করলেন প্রধানমন্ত্রী।
অবশ্য শুধু সংরক্ষণ ইস্যু নয়, আরও একাধিক ইস্যুতেই কংগ্রেস-সহ বিরোধীদের সংরক্ষণ বিরোধী বলে তোপ দেগেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘আজকের বিরোধী পক্ষ বিরোধ পক্ষ থেকে অবরোধ পক্ষ হয়ে গিয়েছে। এভাবে গণতান্ত্রিক আলোচনার পরিবেশকে নষ্ট করে বিক্ষোভ দেখানোটা কখনও সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের উদাহরণ হতে পারে না।”
প্রধানমন্ত্রী মহিলা সংরক্ষণ আইন নিয়েও বড় ইঙ্গিত দিয়েছে। তাঁর বক্তব্য, “ওরা নারী শক্তি অধিনিয়ম আঁটকে দিয়ে সংরক্ষণের মুল ধারার অবমাননা করেছে।” প্রধানমন্ত্রীর ঘোষণা, যে কোনও মূল্যে এই সরকার মহিলাদের অধিকার নিশ্চিত করবে।

