ধর্ষণের পর গণধর্ষণ মামলা! আরো বিপাকে তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস
আরও বিপাকে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। ধর্ষণের অভিযোগে আগেই গ্রেফতার হয়েছিলেন মমতা তৃণমূলের এই বিধায়ক। এ বার তাঁর বিরুদ্ধে ক্যানিং থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের হল।
পুলিশ সূত্রে খবর, পরেশ-সহ আট জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। ‘নির্যাতিতার’ দাবি, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপর্বে এই ঘটনা ঘটেছিল। ওই মহিলা পুলিশের কাছে জানান, পঞ্চায়েত নির্বাচনে তিনি প্রার্থী হতে চেয়েছিলেন। অভিযোগ, মনোনয়নপর্বে তাঁকে ঘিরে ধরে মারধর করেন পরেশরাম এবং তাঁর সহযোগীরা। তার পরেই তাঁকে অন্যত্র নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
গত ৯ নভেম্বর ধর্ষণ মামলায় পরেশকে গ্রেফতার করেছিল পুলিশ। কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে পাকড়াও করা হয়। বিধায়ক পরেশরামকে গ্রেফতারের সময় তাঁর থেকে নগদ ২ লক্ষ টাকা এবং ছ’টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে। বিধানসভা ভোটের ফল বার হওয়ার পর ক্যানিং পশ্চিমের বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগে মামলা হয়েছে। ২০২৩ সালে পঞ্চায়েত ভোটের সময় অশান্তির অভিযোগে অভিযুক্ত তিনি। তা ছাড়া খুনের চেষ্টা, অস্ত্র আইনেও বিধায়ক পরেশ অভিযুক্ত। মাতলা নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগও ওঠে। পঞ্চায়েত ভোটের মনোয়ন জমা দেওয়ার সময় রাজনৈতিক অশান্তির ঘটনায় সিআইডি তলব করেছিল পরেশকে। কিছু দিন আগেই ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন। তবে জিজ্ঞাসাবাদপর্বে অসুস্থ হয়ে পড়েন। এসএসকেএমে নিয়ে যেতে হয়েছিল তাঁকে। গ্রেফতারির পর আদালতে পুলিশ জানিয়েছিল, শুধু ধর্ষণের মামলা নয়, পরেশের বিরুদ্ধে আরও ৩২টি মামলা রয়েছে।
গ্রেফতারির পর পুলিশ জানিয়েছিল, গত ৫ সেপ্টেম্বর ক্যানিং থানায় ৫৬১/২০২৬ নম্বর মামলা দায়ের হয়। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩২৩, ৪২০, ১২০বি এবং ৫০৬ ধারায় মামলা রুজু হয় তাঁর বিরুদ্ধে। পরেশের গ্রেফতারির ‘টাইমিং’ (সময়) নিয়ে প্রশ্ন তুলেছিল কালীঘাট তৃণমূল। তৃণমূলের ওই শিবিরের বিধায়ক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, ‘‘পরেশরামের গ্রেফতারির টাইমিং দেখে প্রশ্ন থাকছে। যত দিন উনি ঋতব্রত তৃণমূলে ছিলেন, তখন পুলিশ পদক্ষেপ করেনি। উনি সম্প্রতি মমতাদির শিবিরে ফিরতে চেয়েছিলেন। তখনই পুলিশ বলছে ‘পালাতে চেয়েছিল’, ‘ধরতে হবে’ ইত্যাদি।’’

