কলকাতা 

পুরসভা নির্বাচনের আগেই বাদ পড়া ভোটারদের আবেদনের দ্রুত নিষ্পত্তি চায় সুপ্রিম কোর্ট, প্রয়োজনে ট্রাইব্যুনাল বৃদ্ধির নির্দেশ!

শেয়ার করুন

বাংলায় পুরসভা নির্বাচনের আগেই বাদ পড়া ভোটারদের বিষয়ে সিদ্ধান্ত নিতে বলল সুপ্রিম কোর্ট।। আজ সোমবার সুপ্রিম কোর্টে এ বিষয়ে একটি শুনানিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে বাংলায় যে সকল ভোটাররা বাদ পড়েছে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য প্রয়োজন হলে দ্রুত বিচার সম্পন্ন করতে হবে।

সোমবার পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে। ওই শুনানিতে কমিশনকে প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ, কলকাতা হাই কোর্টের সঙ্গে আলোচনাক্রমে এসআইআর ট্রাইবুনালের সংখ্যা বৃদ্ধি করতে হবে রাজ্যে। একই সঙ্গে শীর্ষ আদালত কমিশনকে জানিয়েছে, নাম বাদ পড়ার বিরুদ্ধে যে আর্জিগুলি জমা পড়েছে, সেগুলিকে অগ্রাধিকার দিতে হবে।

প্রসঙ্গত, এসআইআর ট্রাইবুনালে নাম বাদ পড়ার বিরুদ্ধে যেমন আবেদন জমা পড়ছে, তেমনই নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধেও আর্জি জানাচ্ছেন অনেকে। সোমবার প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে, এই দুই ধরনের আবেদনকে আলাদা করে ফেলতে হবে। নাম বাদ পড়া ভোটারদের আবেদনকে অগ্রাধিকার দিয়ে ট্রাইবুনালগুলিকে সেগুলির নিষ্পত্তি আগে করতে হবে। তার পরে নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে জমা পড়া আবেদনের নিষ্পত্তি করলেও চলবে।

প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি, বিচারপতি ভি মোহনার বেঞ্চের আরও নির্দেশ, যে সমস্ত বিধানসভা এলাকায় পুরভোট হবে, সেই সমস্ত এলাকার নাম বাদ পড়া ভোটারদের আবেদনকে অগ্রাধিকার দিতে হবে। বিশেষ গুরুত্ব দিতে হবে কলকাতা পুর এলাকায় নাম বাদ পড়া ভোটারদের আবেদনকেও।

নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের নির্দেশ, ট্রাইবুনালে যাতে সকলে আবেদন জানানোর সুযোগ পান, সে কথা মাথায় রেখে কলকাতার বিভিন্ন জায়গাকে চিহ্নিত করতে হবে। যাতায়াতের সুবিধা আছে, এমন জায়গায় ট্রাইবুনালের কাজ করতে হবে।

পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় ৬০ লক্ষের বেশি নাম বিচারাধীন তালিকায় রাখা হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে তথ্যগত অসঙ্গতির মামলাগুলি নিষ্পত্তির ভার যায় অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত ট্রাইবুনালের হাতে। বাদ পড়া বহু ভোটার নিজেদের বৈধ ভোটার বলে দাবি করে ট্রাইবুনালে আবেদন জানিয়েছেন। সেখানে কিছু মামলার নিষ্পত্তি হলেও অধিকাংশ মামলাই এখনও বিচারাধীন।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ