ল্যাবরেটরি পরীক্ষায় ক্যান্সারের উপাদান মেলায় বিসলেরি কর্তৃপক্ষের দাবি পানযোগ্য নিরাপদ তাদের প্যাকেটজাত পানীয় জল
খাদ্য নিয়ন্ত্রক সংস্থার প্রশ্নের মুখে পড়ে এ বার মুখ খুলল বিসলেরি। সংস্থাটির দাবি, পান করার জন্য সম্পূর্ণ নিরাপদ তাদের প্যাকেটজাত পানীয় জল। ল্যাবরেটরি পরীক্ষায় একটি নমুনা বিপজ্জনক বলে গণ্য হওয়ার পর, খাদ্য নিয়ন্ত্রক সংস্থা ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া’ (এফএসএসএআই) সংস্থাটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার অনুমোদন দেওয়ার পর বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছে বিসলেরি। প্যাকেটজাত পানীয় জল বিক্রয়কারী সংস্থাটি জানিয়েছে, পরবর্তী কালে স্বতন্ত্র পরীক্ষায় দেখা গিয়েছে, তাদের জলে ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যেই রয়েছে।
বিসলেরিকে নিয়ে বিতর্কের সূত্রপাত, রবিবার ‘বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড’-এর বিরুদ্ধে এফএসএসএআই আইনি পদক্ষেপ গ্রহণের অনুমতি দেওয়ার পর। খাদ্য নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছিল, ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস (এফএসএস) অ্যাক্ট, ২০০৬’-এর অধীনে প্যাকেটজাত পানীয় জল সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের দায়ে তারা বিসলেরি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ বা মামলা শুরুর অনুমোদন দিয়েছে। এফএসএসএআই জানায়, তারা পরীক্ষার জন্য বিসলেরি ইন্টারন্যাশনালের ‘প্যাকেটজাত পানীয় জল’ (মিনারেল ওয়াটার বা খনিজ জল নয়)-এর একটি নমুনা সংগ্রহ করেছিল। প্রাথমিক পরীক্ষায় দেখা যায়, নমুনায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার চেয়ে বেশি। এর পর সংস্থার আবেদনের ভিত্তিতে নমুনাটির দ্বিতীয় দফা পরীক্ষাও হয়। দাবি, সেই নমুনাতেও গোলযোগ ছিল, যার ফলে ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট, ২০০৬’-এর আওতায় সেটিকে ‘অসুরক্ষিত’ বলে ঘোষণা করা হয়েছে। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার এবং ইউএস ইপিএ-সহ বিশ্বব্যাপী স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক বিভিন্ন সংস্থা ব্রোমেটকে এমন একটি উপাদান হিসেবে চিহ্নিত করেছে, যার ফলে মানুষের শরীরে ক্যানসার বাসা বাঁধতে পারে। ফলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করে, বিসলেরির মতো নামী সংস্থার পানীয় জলে যদি এই ধরনের উপাদান পাওয়া যায়, তা হলে স্টেশন-বাস চত্বরে বা ট্রেনে-বাসে পথচলতি মানুষ যে জল কিনে খান, তার গুণগত মান কী রকম?
সংস্থাটি এ-ও দাবি করেছে, তারা চলতি বছরের ২ ফেব্রুয়ারি একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে স্বাধীন গবেষণাগারের পরীক্ষার ফলাফল এফএসএসএআই-এর পশ্চিম আঞ্চলিক কার্যালয়ে জমা দিয়েছিল। তবে সেই রিপোর্ট জমা দেওয়ার পর খাদ্য নিয়ন্ত্রক সংস্থার তরফে তাদের সঙ্গে আর যোগাযোগ করা হয়নি। ফলে তারা ধরে নিয়েছিল যে, বিষয়টি ওখানেই মিটে গিয়েছে। তেমনটাই দাবি বিসলেরির।
সংস্থাটি তাদের বিবৃতিতে বলেছে, ‘‘এখনও পর্যন্ত বিসলেরি ইমেল বা হার্ড কপি, কোও মাধ্যমেই কোনো নোটিস পায়নি এবং এফএসএসএআই-এর ওয়েবসাইটেও এমন কোনও নোটিস খুঁজে পাওয়া যায়নি।’’ সংস্থাটি যোগ করেছে, পানীয় জলের নিরাপত্তা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। তারা তাদের ১০-ধাপের উৎপাদন প্রক্রিয়ায় ৯০টিরও বেশি পরীক্ষার মাধ্যমে কঠোর মান নিয়ন্ত্রণ বজায় রাখে। বিসলেরির কথায়, ‘‘আমরা গুণমান বজায় রাখি। বহু বছর ধরে একটি বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে, বিসলেরি পান করার জন্য সম্পূর্ণ নিরাপদ।’’
অন্য দিকে এফএসএসএআই জানিয়েছে, ল্যাবরেটরি পরীক্ষার ফলাফলে আইন অনুযায়ী খাদ্য সংক্রান্ত বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গিয়েছে, যার প্রেক্ষিতে তারা বিসলেরির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরুর অনুমোদন দিয়েছে। নিয়ন্ত্রক সংস্থার এই পদক্ষেপ পরীক্ষিত নমুনার নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে। অন্য দিকে, বিসলেরি পরীক্ষার প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে আপত্তি জানিয়েছে এবং দাবি করেছে, তারা খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের কাছে স্বাধীন গবেষণাগারের পরীক্ষার ফলাফল জমা দিয়েছে। যদিও সংস্থাটি এ-ও জানিয়েছে যে বিষয়টি নিয়ে তারা এফএসএসএআই-কে সহযোগিতা করবে এবং যথাযথ নিয়ন্ত্রক প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধান করবে বলেও স্পষ্ট করেছে সংস্থাটি। সৌজন্যে ডিজিটাল আনন্দবাজার

